রাজধানীর মেট্রোরেলের পিলারগুলোতে নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নতুন গ্রাফিতিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতির পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদদের ছবি, মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য এবং আন্দোলনকেন্দ্রিক নানা বার্তা তুলে ধরা হচ্ছে। এ ছাড়া থাকছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং সবুজ নগর গড়ার আহ্বান।
ডিএনসিসি এ উদ্যোগের নাম দিয়েছে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’। নগরবাসীকে সম্পৃক্ত করে মেট্রোরেলের পিলারগুলোতে নতুন করে গ্রাফিতি আঁকা এবং জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
গত শুক্রবার (৯ অক্টোবর) সকালে মিরপুর-১০ গোলচত্বরের ২৪৮ নম্বর পিলারে রং করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পেছনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ কারণে মেট্রোরেলের পিলারে আঁকা গ্রাফিতিতে তাঁর প্রতিকৃতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএনসিসির প্রশাসক আরও জানান, এ কর্মসূচিতে রাজনৈতিক পক্ষপাতের পরিবর্তে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখা ব্যক্তি, জুলাই আন্দোলনের শহীদ ও নেতৃত্বদানকারীদের স্মৃতি তুলে ধরা হবে। ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবিও পর্যায়ক্রমে বিভিন্ন পিলারে স্থান পাবে বলে তিনি উল্লেখ করেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত বছর আঁকা গ্রাফিতির অনেকগুলো বৃষ্টি ও ধুলাবালির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে পুরোনো গ্রাফিতিগুলো পুনরায় আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে নগরবাসীকেও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জিয়াউর রহমানের ছবি ও বাণী
নতুন গ্রাফিতি কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একাধিক প্রতিকৃতি থাকছে। তাঁর একটি ছবির সঙ্গে লেখা হচ্ছে ‘মহান স্বাধীনতার ঘোষক’। অন্য একটি গ্রাফিতিতে স্থান পাচ্ছে তাঁর নামে পরিচিত উক্তি—‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’।

খালেদা জিয়ার প্রতিকৃতিতে গণতন্ত্রের বার্তা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিসংবলিত কয়েকটি গ্রাফিতিও আঁকা হচ্ছে মেট্রোরেলের পিলারে। এর মধ্যে একটি ছবির নিচে থাকছে ‘স্বৈরতন্ত্র নয়, আমরা গণতন্ত্র চাই’—এমন বক্তব্য। আরেকটিতে লেখা হচ্ছে, ‘আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো, দেশবাসীকে ছেড়ে যাবো না’।
এ ছাড়া তাঁর প্রতিকৃতির সঙ্গে ‘ক্ষমতা নয়, দায়িত্ব বড়’ এবং ‘গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরকে শক্তিশালী করে’—এমন বক্তব্যও স্থান পাচ্ছে।
জুলাই আন্দোলনের স্মৃতি ও শহীদদের প্রতিকৃতি
গ্রাফিতিগুলোতে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা ও স্লোগানও তুলে ধরা হচ্ছে। রক্তাক্ত বাংলাদেশের মানচিত্রের ওপর ‘রিমেমবারিং জুলাই’ লেখা একটি চিত্র থাকছে। আন্দোলনের মিছিলের দৃশ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে ‘১ দফা ১ দাবি, হাসিনা তুই কবে যাবি’ স্লোগান।
এ ছাড়া জুলাই আন্দোলনে শহীদ মুগ্ধসহ অন্যদের প্রতিকৃতি এবং ‘রাজপথ রক্তে রাঙা’ লেখা গ্রাফিতি আঁকা হচ্ছে। আন্দোলনকারীদের ওপর হামলার চিত্র ফুটিয়ে তোলা একটি গ্রাফিতিতে থাকছে, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’—এমন বার্তা।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করা ঐতিহাসিক ছবিও স্থান পাচ্ছে এসব চিত্রকর্মে।
মুক্তিযুদ্ধ, পরিবেশ ও ডেঙ্গু সচেতনতা
জুলাই আন্দোলনের পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ঘটনাবলিও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হচ্ছে। মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন দৃশ্য একসঙ্গে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
এর পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা এবং পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বক্তব্য যুক্ত করা হচ্ছে। সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলার আহ্বানও থাকবে এসব চিত্রকর্মে।
ডিএনসিসির এ উদ্যোগের মাধ্যমে মেট্রোরেলের পিলারগুলোকে শুধু নগরসজ্জার অংশ হিসেবে নয়, বরং বাংলাদেশের ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন, আত্মত্যাগ এবং নাগরিক সচেতনতার বার্তা তুলে ধরার মাধ্যম হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।