দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (১২ অক্টোবর) থেকে পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে সরকার।
একই সঙ্গে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে ১০৯৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রচারণা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১২ অক্টোবর থেকে দেশের বিভিন্ন এলাকার থানা ও পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম একযোগে শুরু হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্যসংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ তৈরি করা হয়েছে।
কর্মসূচির প্রচারবার্তা অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত ও পরিচয়পত্রধারী তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে তথ্য নেবেন। সংগৃহীত তথ্য পর্যালোচনা করে কোন পরিবারগুলোর সরকারি সহায়তা বেশি প্রয়োজন, তা চিহ্নিত করা হবে।
এ কারণে তথ্য সংগ্রহকারীদের কাছে পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থার বিষয়ে সঠিক এবং বাস্তবসম্মত তথ্য দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত ঘোষণার মাধ্যমে কর্মসূচির বিষয়ে মানুষকে সচেতন করার পরিকল্পনা রয়েছে। এসব ঘোষণায় সঠিক তথ্য দেওয়ার গুরুত্ব এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকার বিষয়টি তুলে ধরতে বলা হয়েছে। ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে তার কথায় বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য প্রদান করতে কোনো অর্থ দিতে হবে না বলেও প্রচারণায় জানানো হবে।
এ ছাড়া মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে প্রচারের জন্যও পৃথক বার্তা তৈরি করা হয়েছে। সেখানে তথ্য সংগ্রহের সময় বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা যেন বাদ না পড়েন, সে জন্য তাঁদের খোঁজখবর নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা নিরূপণ এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার জন্য তথ্যভাণ্ডার তৈরির কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
ফ্যামিলি কার্ডের তালিকায় নাম তোলার জন্য কাউকে টাকা দেবেন না। কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর আহ্বান জানানো হয়েছে।