দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজশাহীর একটি তারকা হোটেলে আয়োজিত স্বাস্থ্যবিষয়ক বিভাগীয় পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিসেফের সহযোগিতায় বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ কর্মশালার আয়োজন করে। এতে ইপিআই, এইচপিভি টিকাদান, ই-ট্র্যাকার এবং রাজশাহী বিভাগের সামগ্রিক স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সরকার স্বাস্থ্য খাতের সংস্কার এবং বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান, স্বাস্থ্যসেবার ডিজিটাল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকার এ কর্মসূচিকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টায় কর্মসূচিটির আওতা সম্প্রসারিত হয়েছে।
তিনি আরও বলেন, ইপিআই ও এইচপিভি টিকাদান কার্যক্রমে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না। নিয়মিত টিকাদান ব্যাহত হলে সংক্রামক রোগের বিস্তারের ঝুঁকি বাড়তে পারে। তাই শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করতে হবে।
স্বাস্থ্য প্রশাসনে দক্ষতা বাড়াতে সাভারে আধুনিক হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য প্রশাসকদের বাজেট ব্যবস্থাপনা, ই-জিপি, মানবসম্পদ পরিচালনা ও ওষুধ সরবরাহ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং বদলি ও পদায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ই-হেলথ অটোমেশন চালু হলে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছানোর অগ্রগতি পর্যবেক্ষণ করা সহজ হবে। এ ক্ষেত্রে সঠিক জন্মনিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবন্ধী শিশুদেরও স্বাস্থ্যসেবার মূলধারায় অন্তর্ভুক্ত করতে টিকাদান কার্যক্রম ও স্বাস্থ্যতথ্য সংগ্রহের সময় তাদের তথ্য সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামীণ মানুষের উন্নত রোগ নির্ণয়ের সুযোগ বাড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে জনবলসংকট দূর করার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী বিভাগের যেসব জেলায় স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা কর্মী নিয়োগের প্রক্রিয়া এখনো শেষ হয়নি, সেসব ক্ষেত্রে আইনি জটিলতা নিরসন করে দ্রুত শূন্যপদ পূরণ করতে হবে। চিকিৎসক পদায়নের ক্ষেত্রেও আঞ্চলিক ভারসাম্য ও ন্যায্যতা নিশ্চিত করা প্রয়োজন।
চিকিৎসকদের রোগীদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জন স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান লক্ষ্য। স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা ও সমাধানের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতাও কামনা করেন তিনি।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম এবং ইউনিসেফের হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ।