দেশে ইসলাম প্রতিষ্ঠা ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে আলেমসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তবে দেশের সব ইসলামী দল এক হলেও কেবল এই শক্তির ওপর ভর করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি। এ জন্য সাধারণ মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগ ও রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল ওলামা সামিটে’ বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন আ ফ ম খালিদ হোসেন।
আলেমসমাজের মধ্যে বিভেদ ও গ্রুপিংয়ের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, একটি পিঁপড়াও একা চলে না, এমনকি জঙ্গলে হাতিও একা চলাচল করে না। অথচ আলেমসমাজ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে রয়েছে। বৃহত্তর স্বার্থে এই বিভক্তি কাটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আ ফ ম খালিদ হোসেন বলেন, সম্মিলিত উদ্যোগই শক্তিতে রূপ নিতে পারে। তিনি আশা প্রকাশ করেন, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভবিষ্যতেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাবে।
আলেমসমাজের রাজনৈতিক সক্ষমতা নিয়ে আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সাবেক এই ধর্ম উপদেষ্টা। তাঁর ভাষায়, ‘কাদামাটির ওপর দাঁড়িয়ে যুদ্ধ করা যায় না।’ রাজনৈতিকভাবে এগিয়ে যেতে হলে আগে নিজেদের অবস্থান ও ভিত্তি কতটা শক্ত, তা নিশ্চিত করতে হবে।
রাজনীতিতে জনসম্পৃক্ততার ঘাটতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ওয়াজ মাহফিলে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখেই তাঁদের সবাইকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত কিংবা ভোটার হিসেবে বিবেচনা করা ঠিক নয়। তাঁর মতে, এখানেই রাজনৈতিক হিসাবের ভুল রয়েছে।
নির্বাচনে দলগুলোর ভোটের হিসাব তুলে ধরে আ ফ ম খালিদ হোসেন বলেন, বিগত নির্বাচনে বিএনপি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দলগুলোর সম্মিলিত ভোটের হার প্রায় ৩৫ শতাংশ। এ পরিসংখ্যান বিবেচনায় দেশের সব ইসলামী দল এক হলেও তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘এত আস্ফালন কিসের? আশা করি ২০৩১ সালে পরিস্থিতি বদলে যাবে।’
ইসলামী দলগুলোর ভোটের হিসাব প্রসঙ্গে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে বাদ দিলে অন্যান্য ইসলামী দলের ভোটের হার ৫ দশমিক ৫৫ শতাংশ। সাধারণ মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগ না থাকলেও দীর্ঘ বক্তব্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আ ফ ম খালিদ হোসেনের বক্তব্যে উঠে আসে, আলেমসমাজের অভ্যন্তরীণ ঐক্যের পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলাও রাজনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। তাঁর মতে, রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করতে হলে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং বাস্তবভিত্তিক উদ্যোগ বাড়াতে হবে।