চলতি বছরের ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তিতে থাকা ‘গ্যারান্টি ক্লজ’ পুনরায় অন্তর্ভুক্ত করাকে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা : তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি) কাঠামোর মাধ্যমে আলোচনা চলছে। দুই দেশের কারিগরি দলও বিষয়টি নিয়ে কাজ করছে। ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি সম্পন্ন করার বিষয়ে সরকার আশাবাদী।
তিনি বলেন, ১৯৭৭ সালে প্রথম পাঁচ বছরের জন্য গঙ্গা পানি বণ্টন চুক্তি করা হয়েছিল। পরবর্তীতে ১৯৯৬ সালে ৩০ বছরের জন্য নতুন চুক্তি হলেও তাতে আগের চুক্তির ‘গ্যারান্টি ক্লজ’ রাখা হয়নি। নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে ওই নিশ্চয়তা পুনরায় যুক্ত করার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
মন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্তির বিষয়েও সরকার সক্রিয়ভাবে কাজ করছে। এ ক্ষেত্রে দেশের জনগণ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
২০২৭ সালে তিস্তা প্রকল্পের কাজ শুরুর লক্ষ্য
তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন পানিসম্পদমন্ত্রী। তিনি জানান, প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করার বিষয়েও কাজ চলছে।
তার ভাষ্য, তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শেষ করতে কিছুটা সময় প্রয়োজন। ২০২৭ সালের মধ্যে স্টাডি শেষ করে একই বছরে প্রকল্পটির মূল কাজ শুরু করার লক্ষ্য রয়েছে সরকারের।
তিস্তা প্রকল্পে ভারতের কোনো চাপ বা প্রতিবন্ধকতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের কাছে দেশের মানুষের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আগামী বছরের শুরুতে দৃশ্যমান হতে পারে পদ্মা ব্যারেজের কাজ
পদ্মা ব্যারেজকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প হিসেবে উল্লেখ করে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকার মানুষ এর সুফল পাবে।
তিনি জানান, পদ্মা ব্যারেজ প্রকল্প ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে যেকোনো সময় প্রকল্পটির কাজ দৃশ্যমানভাবে শুরু হতে পারে। এ জন্য প্রকল্প এলাকা ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে।
মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজের ফিজিবিলিটি স্টাডির কাজ ২০০৪ সালে শুরু হয়ে ২০১৬ সালে শেষ হয়েছিল। তবে এরপর প্রকল্পটির বাস্তবায়ন দৃশ্যমান হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুই মাসের মধ্যে ওই স্টাডি পুনরায় চূড়ান্ত করে প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে।
তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটিও একটি বড় ও জটিল প্রকল্প। এ ধরনের প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এক-দুই সপ্তাহ কিংবা এক-দুই মাসে শেষ করা সম্ভব নয়। প্রয়োজনীয় কারিগরি ও প্রযুক্তিগত বিষয় সম্পন্ন করেই তিস্তা মহাপরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।