হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
রাজধানী

ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেল, যেভাবে বুক করবেন ‘মায়া রাইড’

ঢাকার রাস্তায় নারী চালকের মোটরসাইকেল, যেভাবে বুক করবেন ‘মায়া রাইড’
মোটরসাইকেলে নারী যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন ‘মায়া রাইড’-এর এক নারী চালকছবি: মায়া রাইডের সৌজন্যে

ঢাকার যানজটপূর্ণ সড়কে মোটরসাইকেলের সংখ্যা কম নয়। তবে চালকের আসনে নারী এবং পেছনের আসনে নারী যাত্রী—এমন দৃশ্য এখনো অনেকের নজর কাড়ে। নারীদের জন্য এমনই একটি রাইড শেয়ারিং সেবা চালু করেছে ‘মায়া রাইড’, যেখানে নারী চালকের মাধ্যমে নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে।

উদ্যোগটির সঙ্গে যুক্ত নারী চালকদের বলা হয় ‘মায়াবী’। তাদের মূল লক্ষ্য, অপরিচিত পুরুষ চালকের সঙ্গে মোটরসাইকেলে চলাচলে অস্বস্তি বোধ করেন এমন নারীদের জন্য একটি বিকল্প তৈরি করা।

কীভাবে শুরু হলো ‘মায়া’?

ফাহাদ চৌধুরী ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস নারীদের যাতায়াত আরও স্বস্তিদায়ক করার চিন্তা থেকে চলতি বছরের এপ্রিল মাসে ‘মায়া’ উদ্যোগ শুরু করেন। প্রথমে মোটরসাইকেল রাইড দিয়ে যাত্রা শুরু হলেও পরে এতে প্রাইভেট কার ও কার-শেয়ারিং সুবিধাও যুক্ত হয়।

উদ্যোগটির পেছনে কাজ করেছে একটি সাধারণ পর্যবেক্ষণ—অনেক নারী রাইড শেয়ারিং ব্যবহার করলেও অপরিচিত পুরুষ চালকের পেছনে বসে দীর্ঘ পথ পাড়ি দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সেই জায়গা থেকেই নারী চালক ও নারী যাত্রীর সমন্বয়ে সেবাটি চালুর পরিকল্পনা করা হয়।

চাহিদা বাড়ছে, তবে চালক কম

মায়ার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬০০টির বেশি রাইডের অনুরোধ এসেছে। এর মধ্যে ৪০০টির বেশি রাইড সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে সাত থেকে আটটি রাইড দেওয়া হচ্ছে।

তবে পর্যাপ্ত নারী চালক না থাকায় সব বুকিং পূরণ করা সম্ভব হয় না। প্রায় এক-তৃতীয়াংশ রাইডের অনুরোধ চালকের অভাবে পূরণ করা যায় না বলে জানিয়েছে উদ্যোগটির কর্তৃপক্ষ।

গুলশান ও বনানীর অফিসপাড়া থেকে চাহিদা বেশি। এ ছাড়া ধানমন্ডি, মোহাম্মদপুর, বসুন্ধরাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও বুকিং আসে। সকালবেলা অফিস শুরুর সময় রাইডের চাহিদা তুলনামূলক বেশি থাকে।

কীভাবে ‘মায়া রাইড’ বুক করবেন?

বর্তমানে মায়ার নিজস্ব মোবাইল অ্যাপ চালু হয়নি। তাই রাইড নিতে আগ্রহী নারীকে ওয়েবসাইট, ফেসবুক পেজ অথবা ফোনের মাধ্যমে আগে যোগাযোগ করতে হয়।

বুকিংয়ের ক্ষেত্রে তাৎক্ষণিক রাইডের পরিবর্তে সাধারণত এক থেকে দুই ঘণ্টা আগে অনুরোধ পাঠাতে হয়। এরপর যাত্রীর অবস্থানের কাছাকাছি থাকা কোনো নারী চালকের কাছে রাইডটি দেওয়া হয়।

চালক রাইডটি গ্রহণ করলে যাত্রীকে বিষয়টি জানানো হয়। এরপর চালক ও যাত্রীর যোগাযোগের জন্য প্রয়োজনীয় নম্বর দেওয়া হয় এবং নির্ধারিত সময়ে চালক যাত্রীর কাছে পৌঁছে যান।

নারী চালকের অভিজ্ঞতা

মায়ার একজন চালক সাথী জানান, ফেসবুকে বিজ্ঞাপন দেখে তিনি এই উদ্যোগের সঙ্গে যুক্ত হন। পরিবারের সঙ্গে আলোচনা করে প্রায় এক মাস পর মোটরসাইকেল নিয়ে রাস্তায় নামেন তিনি।

প্রথম রাইডের সময় কিছুটা ভয় কাজ করলেও যাত্রা শেষে যাত্রীর ইতিবাচক প্রতিক্রিয়া তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। বর্তমানে নিজের সংসার ও সন্তান সামলে সুযোগ অনুযায়ী রাইড দিয়ে থাকেন তিনি।

তবে রাস্তায় নারী মোটরসাইকেল চালক হিসেবে কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয় বলে জানান সাথী। কখনো অন্য যানবাহন খুব কাছ দিয়ে যায়, আবার কখনো চালকদের কাছ থেকে অযাচিত মন্তব্য শুনতে হয়। এর পাশাপাশি অনেক মানুষ উৎসাহও দেন বলে জানান তিনি।

নারী যাত্রীরা কেন আগ্রহী?

মায়ার নিয়মিত যাত্রীদের একজন আনিকা সালসাবিল। তার মতে, নারী চালক থাকার কারণে পুরো যাত্রায় স্বস্তি পাওয়া যায়। বিশেষ করে অফিসে যাওয়ার সময় দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মোটরসাইকেল সুবিধাজনক বলেও মনে করেন তিনি।

তবে তার অভিজ্ঞতায়, আগে থেকে বুকিং না দিলে অনেক সময় চালক পাওয়া কঠিন হয়ে পড়ে। কারণ মায়ার চালকের সংখ্যা এখনো চাহিদার তুলনায় কম।

চালক হতে কী লাগে?

‘মায়াবী’ হিসেবে যুক্ত হতে আগ্রহী নারীদের জাতীয় পরিচয়পত্র, বৈধ ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।

মায়ার ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, অনেক নারী এই কাজে আগ্রহ দেখালেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের সবাইকে চালক হিসেবে যুক্ত করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে ব্যাটারিচালিত বাইক ব্যবহারকারী অনেকের বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় নথি নেই।

পারিবারিক ব্যস্ততাও নারী চালকের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ। সন্তান বা পরিবারের সদস্যদের দেখাশোনার কারণে অনেকেই নিয়মিত রাইড দিতে পারেন না।

শুধু নারী নয়, শিশুদের জন্যও সেবা

মায়া রাইডের কার্যক্রম এখন মোটরসাইকেলেই সীমাবদ্ধ নেই। স্কুলগামী শিশুদের জন্যও চালু হয়েছে ‘মায়া কিডস’ নামে পরিবহনসেবা।

মাসিক প্যাকেজের আওতায় শিশুদের বাসা থেকে স্কুলে নিয়ে যাওয়া এবং ছুটির পর আবার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রয়োজন হলে পরিবারের একজন সদস্যও শিশুর সঙ্গে যেতে পারেন।

কোন কোন এলাকায় চলছে?

মায়ার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকার ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, বসুন্ধরা, বারিধারা ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সেবা দেওয়া হচ্ছে।

বর্তমানে রাত ৯টা পর্যন্ত সেবা চালু থাকে। আবহাওয়া খারাপ হলে বা কোনো এলাকা ঝুঁকিপূর্ণ মনে হলে চালকের রাইড বাতিল করার সুযোগ রয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, নারী চালকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে অ্যাপভিত্তিক বুকিং ব্যবস্থা চালুর কাজ চলছে। অ্যাপ চালু হলে বুকিং, চালক নির্বাচন এবং যাত্রী-চালকের যোগাযোগ—সবকিছু আরও সহজ ও নিয়মতান্ত্রিক হবে।

পি/এস

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
রাজধানী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২
ছবি: সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহানগর পুলিশের বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা শাখার সদস্যরা যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেন।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে মিরপুরে সর্বোচ্চ ১৬৬ জন আটক হয়েছেন। এ ছাড়া তেজগাঁওয়ে ৯৪ জন, গুলশানে ৫৩ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৪৬ জন, লালবাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং রমনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে আরও তিনজনকে।

অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার ও মাদক উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পি/এস

রাজধানী

বায়ুদূষণে বিশ্বের চতুর্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

অনলাইন ডেস্ক
বায়ুদূষণে বিশ্বের চতুর্থ অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৯৬, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা। অন্যদিকে, পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল।

একিউআই সূচকে ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। আর ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পাশাপাশি সবারই অপ্রয়োজনে বাইরের কার্যক্রম সীমিত রাখা উচিত।

পি/এস

রাজধানী

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, দগ্ধ যুবক

অনলাইন ডেস্ক
মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, দগ্ধ যুবক
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের ১১ নম্বর এলাকায় এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা ৩৭ মিনিটের দিকে কুরিয়ার সার্ভিসটির সামনের সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সেখানে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিস্ফোরণে কুরিয়ার সার্ভিসের কর্মী পাপন দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাসপাতালের জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার শরীরের আনুমানিক ২০ শতাংশে আগুনে পোড়ার ক্ষত শনাক্ত করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এর আগেও প্রতিষ্ঠানটির সামনে একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

রাজধানী

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, স্বাভাবিক যান চলাচল

নয়া বংলাদেশ ডিজিটাল ডেস্ক
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, স্বাভাবিক যান চলাচল
ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে রোববার শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। পুলিশও শ্রমিকদের সঙ্গে কথা বলেছে। মজুরি বোর্ড গঠনের বিষয়টি জানার পর শ্রমিকদের আন্দোলন থেকে সরে আসার কথা। সোমবার শ্রমিকদের কাউকে আন্দোলনে আসতে দেখা যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো পক্ষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সদস্যদের পাশাপাশি একাধিক টহল দলও এলাকায় দায়িত্ব পালন করছে।

মিরপুরের আশপাশে কিছু পোশাক কারখানা বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে মহিদুল ইসলাম বলেন, কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তবে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল সচল রাখতে পুলিশ কাজ করছে।

এর আগে রোববার মিরপুরের ১২ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন অভিযানে মিরপুর বিভাগ থেকে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বা সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, যারা আইন অমান্য করে সড়ক অবরোধ, যানবাহন ও কারখানায় ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার