ঢাকা, গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনের নগর অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব এলাকার সড়ক, ড্রেনেজ, নর্দমা, ফুটপাত ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে মোট ৫ হাজার ১৮৪ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভাপতিত্ব করেন। সভা শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্প শুরুর দুই বছরের মধ্যে এর সঙ্গে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনা (এসটিপি) যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
রংপুর সিটি করপোরেশনের প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোর উন্নয়ন করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কগুলো পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে নতুন সড়ক নির্মাণ ও বিদ্যমান সড়কের উন্নয়নের পাশাপাশি নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে।
সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, এসব প্রকল্পের সঙ্গে নির্বাচনী প্রস্তুতির কোনো সম্পর্ক নেই। প্রকল্পগুলোর প্রস্তুতি অনেক আগে থেকেই চলছিল। ভবিষ্যতে বিভিন্ন সিটি করপোরেশনের উন্নয়নে আরও প্রকল্প নেওয়া হবে।
একনেক সভায় প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনাও দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকল্পে কার্যকর পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
এ ছাড়া যেকোনো সড়ক বা অবকাঠামো প্রকল্পে কাজ শেষ হওয়ার পর তিন বছরের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিজ খরচে তা মেরামত করতে হবে—এমন বাধ্যবাধকতা প্রকল্পে যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
একনেকে ১৩ প্রকল্পে ১৬,২০৭ কোটি টাকা
এদিনের একনেক সভায় সব মিলিয়ে ১৬ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ১০ হাজার ৬০০ কোটি টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৪ হাজার ৮৫ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২০ কোটি টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর তালিকায় রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার পিক সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণও রয়েছে।
সৌরবিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ব্যয় সম্পর্কে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে প্রতি ইউনিট বিদ্যুতের ব্যয় ৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে চার ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ যুক্ত হওয়ায় তা বেড়ে ৯ টাকা হয়েছে। এখন ব্যাটারি ব্যাকআপের সক্ষমতা ৮ ঘণ্টা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে প্রকল্পটির ব্যয় আরও কিছুটা বাড়তে পারে।
এ ছাড়া একনেকে যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচ অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ উন্নয়ন; রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন; রংপুর সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন; গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ।
এ ছাড়া সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরির প্রকল্প, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনও অনুমোদন পেয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণের প্রকল্পও রয়েছে অনুমোদনের তালিকায়।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ফ্রান্সের প্যারিসে ক্রয় করা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়নের প্রকল্পও অনুমোদিত হয়েছে।
এ ছাড়া ভজনপুর-আটোয়ারী-ময়দানগুড়ি-আমতলী-মির্জাগঞ্জ-পঞ্চগড় সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ এবং খানাটি-রিয়ামারি-মদক-লিকরি সড়ক নির্মাণের দ্বিতীয় সংশোধিত প্রকল্পও একনেকের অনুমোদন পেয়েছে।
অন্যদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন। একনেক সভায় প্রকল্পটির বিষয়েও সদস্যদের অবহিত করা হয়েছে।