আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর—মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার—সরকারি ছুটি থাকবে। তবে এই ছুটির সঙ্গে সমন্বয় করতে ১৭ অক্টোবর, শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে।
তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।
হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং এসব সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। চিকিৎসক ও চিকিৎসাসেবায় নিয়োজিত অন্যান্য কর্মী, পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির বাইরে থাকবেন।
জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোর ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ছুটির সময়ে ব্যাংকিং কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকর করার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।