তেলুগু সিনেমা ‘দেবারা’-তে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করেছিলেন জাহ্নবী কাপুর। সিনেমাটির ‘চুট্টামাল্লে’ গানটিও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে সম্প্রতি সেই গানের দৃশ্য ব্যবহার করে তৈরি একটি আপত্তিকর এআই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাহ্নবীসহ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা চলছে। এর আগে জুনিয়র এনটিআর ও চিরঞ্জীবীর মতো তারকারাও এমন কনটেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এবার নিজের প্রতিক্রিয়া জানালেন জাহ্নবী। অভিনেত্রীর মতে, প্রযুক্তির অপব্যবহার করে কারও সম্মতি ছাড়া এ ধরনের বিকৃত কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া যৌন নিপীড়নেরই একটি রূপ।
ইনস্টাগ্রামে দেওয়া এক লিখিত বার্তায় জাহ্নবী বলেন, প্রযুক্তিকে অপরাধমূলকভাবে ব্যবহার করে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা এবং তাদের সম্মতি ছাড়াই বিকৃত কনটেন্ট ছড়িয়ে দেওয়া যৌন নিপীড়নেরই আরেক ধরন। তার দাবি, চলচ্চিত্র অঙ্গনের প্রায় প্রতিটি নারীই কোনো না কোনোভাবে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। শুধু বিনোদন জগত নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রেই নারীরা এ ধরনের আচরণের শিকার হচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
নারীর সম্মতি, ব্যক্তিগত সিদ্ধান্ত ও মর্যাদার গুরুত্ব তুলে ধরে জাহ্নবী বলেন, একজন নারীর শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্তই তার নিজের। কোনো বিষয়ে একজন নারী সম্মতি দিলেও পরবর্তী সময়ে তিনি মত পরিবর্তন করলে তার ‘না’কে অবশ্যই সম্মান করতে হবে।

নিজের বক্তব্যে পোশাকের প্রসঙ্গও তুলে ধরেন অভিনেত্রী। তার ভাষ্য, কোনো নারী ছোট পোশাক পরেছেন বলেই তার শরীরের ব্যক্তিগত অংশে ক্যামেরা তাক করার অনুমতি কেউ পেয়ে যায় না। একইভাবে তার অনুমতি ছাড়া শরীরের আপত্তিকর বা অসম্মানজনক ছবি ধারণ কিংবা সেই ছবিকে বিকৃতভাবে ব্যবহার করার অধিকারও কারও নেই।
জাহ্নবী আরও বলেন, একজন নারী কোন বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করবেন, কোথায় নিজের সীমারেখা নির্ধারণ করবেন এবং নিজের শরীর নিয়ে কী সিদ্ধান্ত নেবেন—এসব সিদ্ধান্ত তার নিজের। অন্য কারও সেই সীমা অতিক্রম করার অধিকার নেই।
সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ভিডিওকে কেন্দ্র করে নিজে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তার চেয়েও বড় পরিসরে এই ধরনের সমস্যা ছড়িয়ে পড়েছে বলে মনে করেন জাহ্নবী। একই সঙ্গে নারীদের প্রতি পুরুষদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

অভিনেত্রীর মতে, নারীদের প্রতি হুমকি ও হয়রানি এখন ডিজিটাল জগতেও বিস্তৃত হয়েছে। অথচ বাস্তব জীবনে নারীরা প্রতিদিন যে শারীরিক নিরাপত্তাহীনতার মুখোমুখি হন, সেটিও এখনো পুরোপুরি মোকাবিলা করা সম্ভব হয়নি। শুধু মেয়েদের নিরাপত্তার ওপর দায়িত্ব চাপিয়ে না দিয়ে, যারা অন্যের ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করাকে নিজেদের অধিকার মনে করে, সেই মানসিকতারও পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি।
এ ক্ষেত্রে দায়িত্বশীল পুরুষদের ভূমিকার কথাও উল্লেখ করেছেন জাহ্নবী। তার মতে, যেসব পুরুষ নৈতিকতা ও দৃঢ়তার সঙ্গে সঠিক ও ভুলের পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরতে পারেন, সামাজিক পরিবর্তনে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আপত্তিকর এআই ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তার পাশে দাঁড়ানো এবং প্রতিবাদ জানানোর জন্য জুনিয়র এনটিআর ও চিরঞ্জীবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাহ্নবী।
সবশেষে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, একজন নারী কি অন্তত এতটুকু সম্মান পাওয়ার অধিকার রাখেন না যে তাকে একজন মানুষ হিসেবেই দেখা হবে? তার মতে, যেহেতু শরীর একজন নারীর নিজের, তাই তার ছবি, ব্যক্তিগত সীমারেখা এবং সেই শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তার নিজেরই থাকা উচিত।