বাংলাদেশের কয়টি জেলা ঘুরেছেন, তার সঠিক হিসাব অনেকেরই মনে থাকে না। কোথাও লিখে না রাখলে কয়েকটি জেলার নাম বাদ পড়ে যাওয়াও স্বাভাবিক। এবার সেই হিসাব সহজেই চোখের সামনে আনতে পারবেন একটি অনলাইন ভ্রমণ ম্যাপের মাধ্যমে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ভ্রমণ ম্যাপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই নিজেদের ঘোরার জেলার সংখ্যা ম্যাপে দেখিয়ে তা ফেসবুকে শেয়ার করছেন। আপনিও কয়েকটি ধাপ অনুসরণ করে তৈরি করতে পারবেন নিজের ভ্রমণ ম্যাপ।
যেভাবে তৈরি করবেন ভ্রমণ ম্যাপ
ভ্রমণ ম্যাপ তৈরির জন্য যেতে হবে ‘আনসিন বাংলাদেশ’ ওয়েবসাইটে। সেখানে বাংলাদেশের আট বিভাগের ৬৪ জেলার তালিকা পাওয়া যাবে। আপনি যেসব জেলা ভ্রমণ করেছেন, সেগুলোতে ক্লিক করে নির্বাচন করতে পারবেন।
চাইলে ওয়েবসাইটে থাকা বাংলাদেশের মানচিত্র থেকেও সরাসরি জেলা নির্বাচন করা যায়। এছাড়া জেলার নাম লিখে সার্চ করার সুবিধাও রয়েছে।
জেলা নির্বাচন করার সঙ্গে সঙ্গে মোট ভ্রমণ করা জেলার সংখ্যা দেখাবে ম্যাপ। যেমন, ৬৪ জেলার মধ্যে ১৫টি ঘুরে থাকলে সেখানে ১৫/৬৪ হিসেবে হিসাবটি দেখা যাবে। একবারে সব জেলা নির্বাচন করতে ‘সব বাছাই করুন’ এবং নতুন করে শুরু করতে ‘সব মুছুন’ অপশন ব্যবহার করা যাবে।

থাকছে পছন্দের থিম
ম্যাপকে নিজের মতো সাজাতে রয়েছে পাঁচ ধরনের থিম। পছন্দ অনুযায়ী যেকোনো একটি থিম বেছে নিয়ে ভ্রমণ ম্যাপটি আরও আকর্ষণীয় করে নেওয়া যাবে।
যোগ করা যাবে নাম ও ছবি
ভ্রমণ ম্যাপে নিজের ছবি যুক্ত করার পাশাপাশি নামও লেখা যাবে। নাম দেওয়া বাধ্যতামূলক নয়। নাম না দিলে ম্যাপে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।
ডাউনলোড করে শেয়ার
ম্যাপ তৈরি হয়ে গেলে ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশন থেকে সেটি PNG, JPG অথবা PDF ফরম্যাটে সংরক্ষণ করা যাবে। পরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে।
শুধু বাংলাদেশ নয়, একই ওয়েবসাইটে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের হিসাব দেখিয়েও তৈরি করা যায় বিশ্ব ভ্রমণ ম্যাপ।
আপনি বাংলাদেশের কয়টি জেলা ঘুরেছেন? ম্যাপ বানিয়ে দেখে নিন আপনার ভ্রমণের হিসাব।
পি/এস