বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা ৩০ ক্যারেটের পান্নার লকেট পরার ঘটনায়। দীপাবলি উপলক্ষে সাজসজ্জার অংশ হিসেবে ঐতিহ্যবাহী এই গয়নাটি পরেছিলেন তিনি। তবে লকেটটির উপস্থাপনাকে ধর্মীয় অনুভূতির পরিপন্থী দাবি করে আপত্তি জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা ও জাতীয় গণমাধ্যম সমন্বয়ক আব্বাস হাফিজ।
একই ঘটনায় কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুরকেও আইনি নোটিশ পাঠানো হয়েছে। ১১ নভেম্বর পাঠানো ওই নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়—এমনভাবে তা উপস্থাপন না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।
সম্প্রতি দীপাবলি উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন কারিনা। সেখানে তাঁকে ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও পাগড়ির সঙ্গে ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট পরতে দেখা যায়। লকেটটিতে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে।
কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে গয়নাটির পরিচয় তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি ভোপালের সাবেক নবাব পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গয়না। কারিনার পোশাক ও পাগড়ির সঙ্গে লকেটটি পরার বিষয়টিও তিনি তুলে ধরেন।
আব্বাস হাফিজের আপত্তি কারিনার পোশাক কিংবা অন্য গয়না পরা নিয়ে নয়। বরং পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেটটি যেভাবে ফ্যাশনের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়েই তাঁর আপত্তি। নোটিশে বলা হয়েছে, ধর্মীয় পবিত্রতা ও মর্যাদার সঙ্গে সম্পর্কিত কোনো আয়াত অলংকার হিসেবে ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মান বজায় রাখা প্রয়োজন।
নোটিশদাতার দাবি, কারিনার প্রকাশিত ছবি ও ভিডিওতে লকেটটির উপস্থাপনা পবিত্র আয়াতের ধর্মীয় মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের উপস্থাপনা মুসলিম সম্প্রদায়ের একাংশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। তবে কোরআনের আয়াত অলংকার হিসেবে ব্যবহারের বিষয়ে ধর্মীয় পণ্ডিতদের মধ্যে ভিন্নমত রয়েছে বলে এতে জানানো হয়েছে।
লকেটটির সঙ্গে ভোপালের সাবেক নবাব পরিবারের ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। রিয়া কাপুরের দাবি, গয়নাটি ভোপালের বেগমদের ঐতিহ্যের অংশ। কারিনার স্বামী সাইফ আলী খানের পারিবারিক উত্তরাধিকারের সূত্রেই গয়নাটি তাঁর ব্যবহারে এসেছে।
সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। তিনি ইফতিখার আলী খান পতৌদিকে বিয়ে করেন। তাঁদের ছেলে মনসুর আলী খান পতৌদি ছিলেন সাইফের বাবা। পারিবারিক সূত্রে গয়নাটি তাঁদের উত্তরাধিকারের অংশ বলে দাবি করা হয়েছে।
নোটিশে ভোপালের বেগমদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ঐতিহাসিকভাবে ভোপালের বেগমরা পর্দাপ্রথা অনুসরণ করতেন। তাই তাঁদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত গয়না উপস্থাপনের ক্ষেত্রেও ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বিবেচনায় রাখা উচিত।
আব্বাস হাফিজ জানিয়েছেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে এই আইনি নোটিশ পাঠিয়েছেন। এটি কংগ্রেস দলের পক্ষ থেকে পাঠানো কোনো পদক্ষেপ নয়।
নোটিশে কারিনা কাপুর খান ও রিয়া কাপুরের কাছে সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো উপস্থাপনা না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।