গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের একটি কক্ষে আটকে রেখে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তদের হুমকি ও নজরদারির ভয়ে ওই দম্পতি টানা দুই দিন ঘর থেকে বের হতে পারেননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরে স্বজনদের সহযোগিতায় তাঁরা থানায় গিয়ে আইনি সহায়তা চান।
ভুক্তভোগী ওই নারী (২০) শেরপুরের বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের হানু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। স্থানীয় ডিবিএল গ্রুপের একটি শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। তাঁর স্বামীও একই বাসায় বসবাস করেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় মাস ধরে তাঁরা ওই এলাকার হারুন অর রশিদের বাড়িতে ভাড়া থাকছিলেন। সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে বাসা পরিবর্তনের সিদ্ধান্ত নেন তাঁরা। গত সোমবার বাড়ির মালিককে তিন মাসের অগ্রিম ভাড়া পরিশোধ করে মালামাল সরানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় স্থানীয় ফারুক ও নয়ন নামের দুই যুবক তাঁর বাসায় এসে স্বামীকে জোর করে ডেকে নিয়ে যান বলে অভিযোগ করেন ওই নারী। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে তাঁর স্বামী ফিরে আসেন। পরে রাত সাড়ে ৮টার কিছুক্ষণ পর ফারুক ও নয়নের সঙ্গে আরও দুজন তাঁদের ঘরে প্রবেশ করেন।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে ওই যুবকেরা তাঁর স্বামীকে মারধর করে পাশের একটি কক্ষে আটকে রাখেন। ফারুক তাঁর স্বামীর কাছে টাকা পাওয়ার দাবি তুলে ভুক্তভোগীকে তাঁদের কথামতো চলতে বলেন। এতে রাজি না হওয়ায় ফারুক, নয়ন ও তাঁদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি ওই নারীর হাত বেঁধে ফেলেন। এরপর গলায় ধারালো ছুরি ধরে এবং দুই পা বেঁধে রেখে চারজন পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় বারবার অনুরোধ করেও তাঁদের থামাতে পারেননি বলে জানান ভুক্তভোগী।
ঘটনার সময় আশপাশের কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন ওই নারী। তাঁর দাবি, ঘটনার পর অভিযুক্তরা বাড়ির আশপাশে অবস্থান করায় আতঙ্কে থানায় যাওয়ার সাহস পাননি তিনি। পরে স্বজনদের খবর দিলে তাঁরা সেখানে এসে থানায় যাওয়ার ব্যবস্থা করেন।
ভুক্তভোগীর স্বামী জানান, তাঁকে পাশের কক্ষে আটকে রেখে মারধর করা হয়েছিল। সে সময় তাঁকে বলা হয়, তাঁর স্ত্রী টাকা আনতে বাইরে গেছেন। তাঁর অভিযোগ, অভিযুক্তরা বিভিন্ন সময়ে এসে তাঁকে নির্যাতন করেন। পরে স্ত্রীর কাছে গিয়ে তিনি তাঁর ওপর নির্যাতনের বিষয়টি জানতে পারেন।
তিনি আরও জানান, ঘটনার বিচার চাইতে বাইরে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেন। এ কারণে ভয়ে তাঁরা বাসা থেকে বের হতে পারেননি। পরে আত্মীয়স্বজনের সহায়তায় থানায় গিয়ে অভিযোগ জানান।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনাটি জানার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানার পরিদর্শক (তদন্ত) কে নির্দেশ দেওয়া হয়েছে।