রাজবাড়ীর পাংশায় হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও ৪র্থ বার্ষিক হোমিওপ্যাথিক ডক্টরস সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন উপজেলা ও জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকেরা অংশ নেন।
সম্মেলনে বিভিন্ন রোগ, চিকিৎসাসেবা এবং হোমিওপ্যাথিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত চিকিৎসকেরা। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে নানা পরামর্শ তুলে ধরা হয়।
পাংশা উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. স্বপন কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী, কালুখালী, বালিয়াকান্দী ও গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. বিল্লাল হোসাইন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রভাষক এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টর অ্যাসোসিয়েশনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা. মো. আমিরুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ডা. আব্দুল হাই সিদ্দিক, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক ডা. আয়েশা তাহমিনা এবং সহসভাপতি ডা. মাসুদ সারোয়ার চৌধুরীসহ অন্যরা।
বক্তারা বলেন, মানুষের সেবা করাই চিকিৎসা পেশার অন্যতম প্রধান লক্ষ্য। মানবকল্যাণে চিকিৎসকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
সম্মেলনে ছয়জন চিকিৎসককে গুণীজন হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসকদের মেধা ও জ্ঞান যাচাইয়ের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে ডা. স্বপন কুমার মণ্ডল বলেন, দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী হোমিওপ্যাথিক চিকিৎসার ওপর নির্ভরশীল। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। গ্রামের সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি আস্থা রেখে সেবা গ্রহণ করছেন বলেও তিনি উল্লেখ করেন।
সম্মেলনে হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, জাতীয় স্বাস্থ্য খাতে হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষার জন্য ৫০ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা; স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে হোমিওপ্যাথির জন্য পৃথক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী এবং পরিচালক নিয়োগ অথবা পৃথক মন্ত্রণালয় গঠন।
এ ছাড়া দেশের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালগুলো সরকারি বা জাতীয়করণ করে জাতীয় রাজস্ব খাতের আওতায় আনা এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী শতভাগ বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, আধুনিক চিকিৎসা ও শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষাকে নতুনভাবে সাজানো, ডিএইচএমএস কোর্সের মান নির্ধারণ এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি। সরকারি অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজে ঐচ্ছিক বিষয় হিসেবে হোমিওপ্যাথি অন্তর্ভুক্ত করার পাশাপাশি প্রতিটি বিভাগে একটি করে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবিও জানানো হয়।
এ ছাড়া শিক্ষাজীবন শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাজের সুযোগ নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়ন এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নিয়মকানুন সংস্কারের আহ্বান জানান তাঁরা।
সম্মেলনে রাজবাড়ী জেলা, বিভিন্ন উপজেলা এবং পাংশা উপজেলার সব ইউনিয়নে চিকিৎসাসেবা প্রদানকারী হোমিওপ্যাথিক চিকিৎসকেরা অংশ নেন।