সমুদ্রসৈকতে রিল তৈরিতে ব্যস্ত এক দম্পতির পাশে ঢেউয়ের মধ্যে পড়ে এক শিশুর ছটফট করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে পানির মধ্যে বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে দেখা যায়। পরে পাশে থাকা এক ব্যক্তি দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় শিশুটির নিরাপত্তা নিয়ে অভিভাবকদের অসতর্কতার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে।
ভিডিওতে দেখা যায়, সমুদ্রসৈকতের তীর ধরে হাঁটার সময় এক নারী ও পুরুষ মোবাইল ফোন বা সেলফি স্টিক দিয়ে নিজেদের ভিডিও ধারণ করছেন। এ সময় নারীকে শিশুটির হাত ধরে পানির কাছ দিয়ে হাঁটতে দেখা যায়। কিছুক্ষণ পর শিশুটি বালুর ওপর পড়ে যায়। এরপর সমুদ্রের ঢেউ তাকে এদিক-সেদিক ঠেলে দিতে থাকে।
ভিডিওতে নারীকে একবার পেছনে তাকাতে দেখা গেলেও পরে তাঁকে আবার ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। অন্যদিকে পুরুষটি ভিডিও ধারণ চালিয়ে যান। ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, তাঁরা কনটেন্ট তৈরিতে ব্যস্ত থাকায় শিশুটির বিপদের বিষয়টি তাৎক্ষণিকভাবে খেয়াল করেননি। পরে এক ব্যক্তি এগিয়ে এসে শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন।
এক্সে মারিয়াম নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেন। তাঁর দাবি, স্বামীর সঙ্গে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। ওই ব্যবহারকারীর অভিযোগ, দম্পতি রিল তৈরিতে এতটাই ব্যস্ত ছিলেন যে তাঁদের সন্তান বিপদের মধ্যে পড়লেও বিষয়টি বুঝতে পারেননি। সময়মতো ওই ব্যক্তি এগিয়ে না এলে শিশুটি ঢেউয়ে ভেসে যেতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ঘটনাটি তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির প্রতি মানুষের অতিরিক্ত মনোযোগ নিয়ে প্রশ্ন তোলেন মারিয়াম। তাঁর বক্তব্য, রিল তৈরির ব্যস্ততা কি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে নিজের সন্তানের নিরাপত্তার বিষয়টিও উপেক্ষিত হতে পারে?
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই শিশুটির প্রতি কথিত অসতর্কতার সমালোচনা করেছেন। তাঁদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও ধারণের চেয়ে শিশুর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এক ব্যবহারকারী মন্তব্য করেন, কোনো রিল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মুহূর্তই একটি শিশুর জীবনকে ঝুঁকির মুখে ফেলার মতো মূল্যবান নয়।
আরেক ব্যবহারকারী লেখেন, একটি রিল অল্প সময়ের জন্য মানুষের মনোযোগ পেতে পারে, কিন্তু শিশুর জীবন ঝুঁকিতে পড়লে তার পরিণতি ভয়াবহ হতে পারে। সময়মতো উদ্ধারকারী ব্যক্তি এগিয়ে এসেছিলেন বলেই শিশুটি রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে ভিডিওটি নিয়ে ভিন্নমতও রয়েছে। কেউ কেউ এটিকে ভুয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ভিউ পাওয়ার উদ্দেশ্যে সাজানো ঘটনা বলে দাবি করেছেন। এনডিটিভি জানিয়েছে, ভিডিওটির সত্যতা এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ঘটনাটি কোথায় ও কবে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট দম্পতির পরিচয়ও প্রকাশ করা হয়নি। তাই ভিডিওতে দেখা পরিস্থিতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই না হওয়া পর্যন্ত সেগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
সূত্র: এনডিটিভি