যশোরের কেশবপুরে ধানক্ষেতের সেচযন্ত্রের গর্ত থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় পরিকল্পিতভাবে ওই দম্পতিকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেসমিন বেগম (৩৮) ও মোস্তফা কামাল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেলা পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার জেসমিন বেগম কেশবপুরের মাগুরখালি গ্রামের নুর ইসলামের স্ত্রী। অপর আসামি মোস্তফা কামাল একই গ্রামের মৃত কিসমত সরদারের ছেলে।
পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে কেশবপুর উপজেলার মাগুরখালি গ্রামের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় প্রভাত বিশ্বাসের ধানক্ষেতে সেচযন্ত্রের পানি পড়ার স্থানে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে তাঁদের পরিচয় শনাক্ত হয়। নিহতরা হলেন ওই গ্রামের আলেক নুর ইসলাম ও তাঁর স্ত্রী মাজেদা বেগম। এ ঘটনায় তাঁদের মেয়ে সাবিনা খাতুন বাদী হয়ে কেশবপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গত ২ নভেম্বর হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে জেসমিন বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তে মোস্তফা কামালের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, জেসমিন ও নিহত মাজেদা বেগম অভয়নগরের আকিজ জুট মিলে কাজ করতেন। গত ৩০ অক্টোবর শুক্রবার মিল বন্ধ থাকায় সকালে বাড়ির কাজ শেষ করে তাঁরা মাঠে ঘাস কাটতে যান। ওই সময় মাজেদার স্বামী আলেক নুর ইসলামও মাঠে কাজ করছিলেন। মাঠে যাওয়ার পথে জেসমিনের সঙ্গে মোস্তফা কামালের দেখা হয়। পুলিশের দাবি, তাঁদের মধ্যে প্রায় চার থেকে পাঁচ মাস ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মাঠে জেসমিন ও মোস্তফাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন মাজেদা। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাঁরা মাজেদা ও তাঁর স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, মাঠের এক পাশে বেশি ঘাস পাওয়ার কথা বলে কৌশলে ওই দম্পতিকে ঘেরের পাশে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, তালতলা এলাকার ভেড়ির কাছে পৌঁছালে মোস্তফা তাঁর হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে আলেকের শরীর ও মাথায় আঘাত করেন। অন্যদিকে জেসমিন ওড়না দিয়ে মাজেদার গলায় ফাঁস দেন। পরে মাজেদার মৃত্যু নিশ্চিত করতে কাঁচি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে দুজনের মরদেহ পুরোনো সেচযন্ত্রের গর্তে ফেলে রাখা হয়।
পুলিশ আরও জানায়, নিহত আলেক নুর ইসলাম শারীরিক প্রতিবন্ধী ছিলেন। আঘাতের পর গর্তে পড়ে যাওয়ায় তিনি সেখান থেকে আর উঠতে পারেননি। পুলিশের দাবি, জেসমিন ও মোস্তফার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি গোপন রাখতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।