বরিশালের মুলাদীতে প্রবাসী স্বামীর অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে করা মামলায় এক শিক্ষিকা ও তাঁর কথিত প্রেমিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে শিশু কল্যাণ ট্রাস্ট।
মামলার বাদী মনির হোসেন চৌধুরী মেহেন্দিগঞ্জ উপজেলার আসোলী সন্তোষপুর গ্রামের সুলকান গিয়াস উদ্দীনের ছেলে। ২০১২ সালে তিনি মুলাদী উপজেলার ডিক্রীরচর গ্রামের শাহে আলম সিকদারের মেয়ে নাসরিন সুলতানাকে বিয়ে করেন। তাঁদের সংসারে দুটি সন্তান রয়েছে।
মনিরের অভিযোগ, বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষার আগ্রহকে সমর্থন জানিয়ে প্রবাসে থেকে তাঁর পড়াশোনা ও যাবতীয় খরচ বহন করেন তিনি। পরে নাসরিন মুলাদীর কাজিরচর ইউনিয়নের বেগম সামছুন্নাহার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি পান।
অভিযোগ অনুযায়ী, চাকরির সুবাদে সহকর্মী শিক্ষক তারিকুল ইসলামের সঙ্গে নাসরিনের ঘনিষ্ঠতা তৈরি হয়। তারিকুল বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের বাসিন্দা। বিষয়টি জানাজানি হলে ২০২৪ সালে তাঁকে ভোলার একটি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। তবে তাঁদের যোগাযোগ অব্যাহত ছিল বলে দাবি করেন মনির।
মনিরের ভাষ্য, গত জুলাইয়ে নাসরিন তাঁকে তালাক দিয়ে তারিকুলকে বিয়ে করেন। এ সময় তাঁর অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় গত ২০ জুলাই বরিশালের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কাজিরহাট) আমলি আদালতে মামলা করেন মনির। এতে সহকারী শিক্ষক নাসরিন সুলতানা, তারিকুল ইসলাম ও তাঁদের সহযোগী জাহেদুল ইসলামকে আসামি করা হয়।
মামলার পর গত সোমবার নাসরিন ও তারিকুল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে তাঁদের কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক সুরাইয়া খানের স্বাক্ষরিত অফিস আদেশে নাসরিন সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়।
মনির হোসেন চৌধুরী অভিযোগ করেন, প্রবাসে উপার্জন করা তাঁর অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছেন নাসরিন। বর্তমানে দুই সন্তানকে নিয়ে তিনি দুর্ভোগে রয়েছেন। ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, নৈমিত্তিক ছুটি নিয়ে সহকারী শিক্ষক নাসরিন সুলতানা আদালতে হাজির হয়েছিলেন। পরে তিনি কারাগারে যান।