চট্টগ্রামের মিরসরাইয়ে উপকূলীয় এলাকা দিয়ে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে ইউরিয়া সার পাচারের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের সাবেক তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) উপজেলার ইছাখালী ও ওচমানপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৯ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওচমানপুর ইউনিয়নের পশ্চিম বাঁশখালী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে মো. মহসিন প্রকাশ সম্রাট (৫৭), তার ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ফরিদুল ইসলামের ছেলে ফাবিয়াতুল ফারাবি (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফাবিয়াতুল ফারাবি একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। ফারাবির বাবা ফরিদুল ইসলাম ইউনিয়ন বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থানীয়ভাবে গ্রেপ্তার ব্যক্তিদের বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও মিছিল-মিটিংয়ে সক্রিয় দেখা যেত বলেও দাবি করেছেন স্থানীয়রা।
পুলিশ জানায়, সম্প্রতি সার পাচারের তিনটি বড় চালান জব্দ এবং এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য ও মুঠোফোনের কললিস্ট বিশ্লেষণ করে সার পাচারের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিয়ে একটি অসাধু চক্র মিয়ানমারে সার পাচার করে আসছিল। নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন সার চালানের বিষয়টি শওকত আকবর সোহাগকে জানান এবং স্থানীয়ভাবে সহযোগিতা চান। পরে শওকত আকবর সোহাগ মিরসরাই ইকোনমিক জোন এলাকা থেকে ট্রাকভর্তি সার মুহুরী প্রজেক্টের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের প্রলোভন দেখান।
ওসির ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় ফাবিয়াতুল ফারাবিসহ গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের সহযোগিতায় সার পাচারের চেষ্টা করেন। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও সার পাচারে সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী বলেন, ইউরিয়া সার দেশের সম্পদ। সরকার কৃষকদের জন্য ভর্তুকি দিয়ে এ সার বিক্রি করে। উচ্চ মুনাফার আশায় সার পাচার করা গর্হিত ও নিন্দনীয় কাজ। সার পাচারে জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি সব সময় অপরাধীদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পক্ষে।
তিনি আরও বলেন, মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে বর্তমানে বিএনপির কোনো কমিটি নেই। সংসদ সদস্য নুরুল আমিন অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, এর আগে গত ৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়।
এর আগে ৩১ অক্টোবর ভোরে উপজেলার মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ডাম্পট্রাক উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গত ২৫ সেপ্টেম্বর ইছাখালী ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে মিয়ানমারে পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সারসহ তিনজনকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক এবং পাচারের জন্য প্রস্তুত রাখা একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।