ভারতের নারী ক্রিকেট দলে নেতৃত্বে পরিবর্তন এসেছে। হারমানপ্রিত কৌর অধিনায়কত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সব সংস্করণে স্মৃতি মান্ধানাকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে প্রায় এক দশকের নেতৃত্বের ইতি টানার সিদ্ধান্ত জানান ৩৭ বছর বয়সী হারমানপ্রিত। একই দিন রাতে ৩০ বছর বয়সী মান্ধানাকে দলের নতুন অধিনায়ক করার ঘোষণা আসে।
হারমানপ্রিতের দীর্ঘ অধিনায়কত্বের সময়ে বেশিরভাগ সময়ই সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন মান্ধানা। এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ১৮টি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এই বাঁহাতি ব্যাটারের।
গত কয়েক মাসে নেতৃত্বের বিষয়ে মান্ধানা একাধিকবার জানিয়েছেন, নতুন দায়িত্ব নেওয়ার জন্য তিনি নিজেকে প্রস্তুত মনে করছেন। উইমেন’স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়ে টানা দুইবার শিরোপা জেতার অভিজ্ঞতাও রয়েছে তার।
ব্যাট হাতে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় মান্ধানা। গত সেপ্টেম্বরে মিতালি রাজকে পেছনে ফেলে নারী আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। নারী ক্রিকেটে ১৮টি আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে এই তালিকাতেও শীর্ষে রয়েছেন মান্ধানা। তিনিই প্রথম ভারতীয় নারী ক্রিকেটার, যিনি তিন সংস্করণেই সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এটিকে নিজের জন্য ‘বিশেষ সম্মান’ হিসেবে উল্লেখ করেছেন মান্ধানা। একই সঙ্গে দলের সাবেক অধিনায়ক হারমানপ্রিত কৌরের অবদানের কথাও স্মরণ করেছেন তিনি।
মান্ধানা বলেন, হারমানপ্রিত বছরের পর বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ভারতীয় নারী ক্রিকেটের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদানের জন্য তিনি কৃতজ্ঞ বলেও জানান নতুন অধিনায়ক।
নতুন দায়িত্ব সম্পর্কে মান্ধানা বলেন, অধিনায়কত্বের সঙ্গে যে দায়িত্ব ও প্রত্যাশা রয়েছে, তা তিনি উপলব্ধি করেন। দলের সঙ্গে কাজ করার পাশাপাশি নতুন কিছু শেখা এবং ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
হারমানপ্রিতের নেতৃত্বে সম্প্রতি ভারত নারী এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করে। এরপর এশিয়ান গেমসের ক্রিকেটে নিজেদের সোনার পদকও ধরে রাখে দলটি।
এর পরিপ্রেক্ষিতে সোমবার গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়ার সঙ্গে বৈঠক করেন হারমানপ্রিত, মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদার। সেখানে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় উইমেন’স চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসকে সামনে রেখে ভারতীয় নারী দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
নতুন অধিনায়ক হিসেবে মান্ধানার প্রথম দায়িত্ব হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। আগামী ১৬ অক্টোবর রায়পুরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হওয়ার কথা।