ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে নেওয়া টিপসই দিয়ে এক বিধবা নারীর নামে বিয়ের কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে। ওই নারীর দাবি, স্থানীয় জামায়াতের সহযোগী সদস্য আবদুস ছাত্তার ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নিয়েছিলেন। পরে জানতে পারেন, তার নামে বিয়ের কাবিননামা তৈরি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার পুটিজানা ইউনিয়নের পাটুলী গ্রামে। এ নিয়ে এলাকায় আলোচনা ও সালিশ চলছে।
অভিযোগকারী আছিয়া বেগমের বয়স ৪৩ বছর। তিনি জানান, প্রায় দেড় মাস আগে আবদুস ছাত্তার তাকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলেন। তার কথায় বিশ্বাস করে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি দেন। পরে একটি কাগজে টিপসই দেওয়ার জন্য তাকে আবার ডেকে নেওয়া হয়। তিনি স্বাক্ষর করতে না পারায় সেখানে টিপসই দেন।
আছিয়ার ভাষ্য, কয়েক দিন পর এলাকায় ছড়িয়ে পড়ে তার বিয়ে হয়ে গেছে। এরপর তার সামনে একটি কাবিননামা ও এফিডেভিট দেখানো হয়। সেখানে বর হিসেবে পূর্বপরিচিত আবদুল কুদ্দুছের নাম রয়েছে। কাবিননামায় তার টিপসই থাকলেও আছিয়া দাবি করছেন, তিনি কোনো বিয়েতে উপস্থিত ছিলেন না, কাজির সঙ্গে তার দেখা হয়নি এবং বিয়েতে সম্মতিও দেননি।
আছিয়া বলেন, “আমি বিয়েতে রাজি হইনি। ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে এখন বলছে আমার নাকি বিয়ে হয়ে গেছে! আমি কোথাও বিয়ে করতে যাইনি, কাজিও দেখিনি।”
প্রায় ১৩ বছর আগে আছিয়ার স্বামী আবু কালাম মারা যান। এরপর দুই ছেলের বিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে তার নাতি-নাতনিও রয়েছে। স্বামী মারা যাওয়ার পর মানুষের জমিতে দিনমজুরের কাজ করে সন্তানদের বড় করেছেন। বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব এলেও সন্তানদের কথা ভেবে আর বিয়ে করেননি বলে জানান তিনি।
যে আবদুল কুদ্দুছের সঙ্গে আছিয়ার বিয়ে হয়েছে বলে এলাকায় আলোচনা চলছে, তার বাড়ি পাটুলী বাজারের পাশে। সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়িতে ছিলেন তার স্ত্রী সুফিয়া খাতুন, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিরা।
সুফিয়া খাতুন জানান, বুধবার সকাল থেকেই তার স্বামী বাড়িতে নেই। বিয়ের বিষয়ে তিনি আগে কখনো স্বামীর কাছ থেকে কিছু শোনেননি। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর কুদ্দুছ তাকে জানিয়েছেন, তিনি কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেছেন।
সুফিয়ার ভাষ্য, “আমরা তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি কারও কথা শোনেননি।”

এলাকায় ছড়িয়ে পড়া কাবিননামায় দেখা যায়, পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাজি গোলাম মোস্তফার নাম রয়েছে। সেখানে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে ৫০ হাজার টাকা নগদ পরিশোধের কথা উল্লেখ করা হয়েছে। সাক্ষী হিসেবে আবদুল মান্নান ও সাইফুল ইসলামের নাম রয়েছে।
তবে সাক্ষী হিসেবে নাম থাকা সাইফুল ইসলাম বলেন, তিনি ওই কাবিনের কোনো সাক্ষী হননি। একই সঙ্গে ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মুঠোফোনে কাজি গোলাম মোস্তফা বলেন, “আমি এই বিয়ে সম্পন্ন করিনি। যে কাগজ ছড়িয়েছে সেটি সম্পূর্ণ জাল।”
তিনি আরও জানান, ২০২০ সালেও তার নাম ব্যবহার করে একই ধরনের একটি জাল কাগজ তৈরি করা হয়েছিল। তখন তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এবারও বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আছিয়া ও আবদুল কুদ্দুছের আগে থেকেই পরিচয় ছিল। আছিয়ার ছেলের বিয়ের সময় কুদ্দুছকে উকিল শ্বশুর করা হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে কুদ্দুছের পক্ষ থেকে আছিয়াকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন বলে স্থানীয়রা জানান।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে সালিশের নেতৃত্ব দিচ্ছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ রুস্তম আলী। তিনি বলেন, আছিয়ার কাছে কাবিনের বিষয়ে জানতে চাইলে তিনি ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নেওয়ার কথা জানিয়েছেন। কাবিননামায় যাদের সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে, তাদের কয়েকজনও সালিশে এসে বিয়ের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
রুস্তম আলী বলেন, “কীভাবে কী হলো, আমরা যাচাই করছি। সালিশের মাধ্যমে সমাধান না হলে আইনি প্রক্রিয়ায় যাওয়া হবে।”
এ ঘটনায় গত সোমবার ও বুধবার পাটুলী গ্রামে সালিশ বসে। তবে সেখানে অভিযুক্ত আবদুস ছাত্তার ও আবদুল কুদ্দুছ কেউ উপস্থিত ছিলেন না। পরে শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। রুস্তম আলী জানান, ওই সময়ের মধ্যে আবদুস ছাত্তার তার অবস্থান পরিষ্কার না করলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে আছিয়ার কাছ থেকে ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আবদুস ছাত্তার। তিনি পাটুলী বাজারের কসমেটিকস ব্যবসায়ী। তিনি নিজেকে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচয় দেন এবং জানান, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় পুটিজানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করেছিলেন।
আবদুস ছাত্তার বলেন, “আমি ওই মহিলার কাছ থেকে ফ্যামিলি কার্ডের কথা বলে কোনো টিপসই নিইনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আমাকে ফাঁসানো হচ্ছে।”
উপজেলা জামায়াতের আমির মো. ফজলুল হক (শামীম) বলেন, বিষয়টি জানার পর স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে তারা খোঁজ নিয়েছেন। তার দাবি, আবদুস ছাত্তার জামায়াতের নিয়মিত পদধারী নেতা নন। নির্বাচনের সময় তিনি একটি কেন্দ্র কমিটির সহযোগী সদস্য ছিলেন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও দাবি করেন তিনি।
ফজলুল হক বলেন, “তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে আমাদের ধারণা। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমরা চাই প্রকৃত অপরাধীদের আইন অনুযায়ী বিচার হোক। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে মনে হচ্ছে, ঘটনাটি সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।”
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তারা ঘটনাটি শুনেছেন। তবে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
ওসি বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফ্যামিলি কার্ডের বিষয়টি ব্যবহার করে কেউ প্রতারণা করে থাকলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।