নরসিংদী প্রতিনিধি: জন্ম থেকেই দুই হাত নেই। শৈশবে পড়াশোনা করতে গিয়ে যেমন নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন, তেমনি বড় হয়ে উচ্চশিক্ষা নিয়েও শারীরিক প্রতিবন্ধকতার কারণে চাকরি পাননি। তবে থেমে যাননি নরসিংদীর পাঁচদোনার আলতাফ হোসেন দুখু মিয়া। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে প্রায় দুই দশক ধরে শিশুদের পাঠদান করছেন তিনি। গড়ে তুলেছেন নিজের একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
১৯৬২ সালে নরসিংদীর পাঁচদোনা গ্রামে জন্ম আলতাফ হোসেনের। স্থানীয়ভাবে তিনি ‘দুখু মিয়া’ নামে পরিচিত। জন্ম থেকেই তার দুটি হাত নেই। তবে মা-বাবার সহযোগিতা ও অনুপ্রেরণায় ছোটবেলা থেকেই পা দিয়ে দৈনন্দিন কাজ করা শেখেন তিনি।
পড়াশোনার প্রতি আগ্রহ থাকায় শৈশবে বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে যান। কিন্তু পা দিয়ে আরবি বই ধরতে হবে—এমন কারণ দেখিয়ে সেখানে তাকে ভর্তি করা হয়নি। পরে সাধারণ স্কুলে ভর্তি হন দুখু মিয়া।
স্কুলজীবনে সহপাঠীদের উপহাসসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও পড়াশোনা চালিয়ে যান তিনি। এসএসসি ও এইচএসসি পাস করার পর নরসিংদী সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।
উচ্চশিক্ষা শেষ করে চাকরির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করেন দুখু মিয়া। তবে শারীরিক প্রতিবন্ধকতার কারণে একাধিকবার নিয়োগবঞ্চিত হয়েছেন বলে জানান তিনি। শেষ পর্যন্ত চাকরির পেছনে না ছুটে নিজেই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন।
২০০৭ সালে পৈতৃক সম্পত্তিতে প্রতিষ্ঠা করেন ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। শিক্ষার্থী রয়েছে প্রায় ১৫০ জন। দুখু মিয়ার সঙ্গে আরও নয়জন শিক্ষক এখানে পাঠদান করছেন।
প্রতিষ্ঠানটিতে নিয়মিত পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিক্ষার্থীদের পড়ান দুখু মিয়া। দীর্ঘদিন ধরে এভাবেই পাঠদান করে আসছেন তিনি।
দুখু মিয়ার কাছে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই পাচ্ছে না; তার জীবনসংগ্রামও তাদের জন্য একটি বাস্তব উদাহরণ। শারীরিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করছেন তিনি।
তবে স্কুল পরিচালনায় নানা সংকট রয়েছে। নয়জন শিক্ষকের বেতনসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন খরচ মেটাতে তাকে হিমশিম খেতে হয়। এরপরও প্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
দুখু মিয়ার ছেলে মোমেনুল ইসলামও বাবার প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। পড়াশোনা শেষে চাকরির চেষ্টা করেও সফল না হওয়ায় তিনি বাবার স্কুলে যোগ দেন।
দুখু মিয়ার এখনকার স্বপ্ন, স্কুলটিকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা। এ জন্য প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা পাওয়ার প্রত্যাশা তার।
জীবনের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে দুখু মিয়া এখন নিজেই অন্যদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করছেন। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা তার প্রতিটি পাঠ যেন বলে—শারীরিক সীমাবদ্ধতা থাকলেও চেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে কাজ করে যাওয়ার পথ বন্ধ হয় না।