পরিবেশ রক্ষার অন্যতম প্রধান সহায়ক গাছপালা। অথচ সেই গাছেই পেরেক ঠুকে লাগানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচনী প্রচারণা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন। জয়পুরহাটের প্রায় সব এলাকার গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও সড়কের পাশে বড়-ছোট প্রায় সব গাছেই চোখে পড়ছে এসব বিজ্ঞাপন ও বিলবোর্ড।
বিশেষ করে নির্বাচনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচারণামূলক পোস্টার, ব্যানার ও বিলবোর্ড গাছে পেরেক দিয়ে লাগানোর প্রবণতা বেশি দেখা যায়। এতে একদিকে যেমন গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে, অন্যদিকে গাছের কাণ্ডে ক্ষত সৃষ্টি হয়ে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, বিজ্ঞাপনদাতারা প্রচারের স্বার্থে গাছকে সহজলভ্য জায়গা হিসেবে ব্যবহার করলেও গাছের ক্ষতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন না। দিনের পর দিন একই গাছে একাধিক পেরেক, তার ও সাইনবোর্ড লাগানোর ফলে অনেক গাছের কাণ্ড ক্ষতবিক্ষত হয়ে পড়ছে।
এদিকে, গাছে পেরেক বা ধাতব বস্তু দিয়ে ক্ষতিসাধনের বিষয়ে আইনেও স্পষ্ট বিধান রয়েছে। বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬-এর ৯(১৩) ধারায় বাণিজ্যিক উৎপাদন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পেরেক বা কোনো ধাতব বস্তুর মাধ্যমে বৃক্ষের ক্ষতিসাধন করা নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২-এ পোস্টারের সংজ্ঞার মধ্যে ব্যানার ও বিলবোর্ডও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্ধারিত স্থান ছাড়া অন্যত্র পোস্টার লাগানোর ওপর বিধিনিষেধ রয়েছে। তবে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ না থাকায় গাছে নানান ধরনের বিজ্ঞাপন লাগানোর প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।
পরিবেশ সচেতন নাগরিকরা বলছেন, গাছ মানুষের জন্য ছায়া, অক্সিজেন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রচারের জন্য গাছকে বিজ্ঞাপনের বোর্ড হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগানোর বিরুদ্ধে বিদ্যমান আইন কার্যকর করতে হবে।
তাদের মতে, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, নির্বাচনী প্রার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সচেতন হলে গাছ রক্ষা করা সম্ভব। প্রচারণার জন্য বিকল্প ও নির্ধারিত স্থান ব্যবহার এবং আইন মেনে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে পরিবেশ ও গাছপালা রক্ষা করা যেতে পারে।
সচেতন মহলের দাবি, নির্বাচনী প্রচারণা কিংবা বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য গাছকে ক্ষতিগ্রস্ত না করে পরিবেশবান্ধব প্রচারণার ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে উপ-বন সংরক্ষণ কর্মকর্তা মোঃ মতলুবুর রহমান বলেন, যারা গাছে পেরেক মেরে সাইনবোর্ড লাগাচ্ছেন, এতে গাছের ক্ষতিসাধন হচ্ছে। এ বিষয়ে বন সংরক্ষণ আইন রয়েছে, যেখানে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আমরা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিয়ে ধীরে ধীরে সচেতনতা বৃদ্ধি করব এবং আইনি ব্যবস্থা গ্রহণ করব।