হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
শিক্ষা

ক্যাম্প ফায়ারের উষ্ণতায় শেষ হলো পঞ্চগড়ের স্কাউট সমাবেশ

ক্যাম্প ফায়ারের উষ্ণতায় শেষ হলো পঞ্চগড়ের স্কাউট সমাবেশ

আগুনের চারপাশে স্কাউট সদস্যদের জমায়েত। কেউ গান, কেউ নাচ, আবার কেউ নাটকের মাধ্যমে তুলে ধরছেন পরিবেশ ও প্রকৃতি রক্ষার নানা বার্তা। এমন প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউট সমাবেশ।

শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে পঞ্চগড়ের ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট প্রাঙ্গণে ক্যাম্প ফায়ারের আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্প ফায়ারের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেইনার দীপক চন্দ্র সরকার, জেলা স্কাউট কমিশনার মো. নাসের বাবুল, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কমিশনার ইয়াসমিন আরা, ক্যাম্প চিফ তাজউদ্দীন এবং উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম।

এ ছাড়া পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কেরামত আলীসহ ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই স্থানে সমাবেশের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউট সভাপতি ফাহমিদা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিট লিডার পপি আক্তার।

পাঁচ দিনের এই আয়োজনে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ জন স্কাউট সদস্য অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন ৪৪ জন ইউনিট লিডার ও ৩৪ জন প্রতিষ্ঠানপ্রধান।

সমাবেশজুড়ে স্কাউট সদস্যদের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রশিক্ষণমূলক কার্যক্রমের পাশাপাশি আয়োজন করা হয় গ্রামীণ খেলাধুলার। এসব আয়োজনে অংশগ্রহণকারীদের মাতিয়ে রাখেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি ও নাট্যকার অধ্যাপক মো. আব্দুর রহিম।

সমাপনী রাতের ক্যাম্প ফায়ারে অংশ নেওয়া স্কাউট দলগুলো নিজেদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের দল পরিবেশন করে জুলু সম্প্রদায়ের নৃত্য। গলেহাহাট ফাযিল মাদরাসার স্কাউট সদস্যরা প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে মঞ্চস্থ করে ‘পশুর বয়ান’ নাটক।

হাজী ছফির উদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্কাউটরা ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। দশ মাইল বালিকা উচ্চবিদ্যালয়ের সদস্যরা উপস্থাপন করে পুতুলনাচ। দেওয়ানহাট উচ্চবিদ্যালয়ের স্কাউট গ্রুপ ‘এক আকাশের তারা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। নুরুন আলা নুর কামিল মাদরাসার স্কাউট দল পরিবেশন করে হামদ।

এ ছাড়া সাংস্কৃতিক পর্বের শুরুতে ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে আমলাহার বালিকা উচ্চবিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা। প্রাণবন্ত এসব পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউট সমাবেশ।

পি/এস

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
শিক্ষা

এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত

অনলাইন ডেস্ক
এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে, বরিশাল বোর্ডে এ হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনের পরপরই শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

বোর্ডভিত্তিক পাসের হার

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮৩ শতাংশ। অন্যান্য বোর্ডের মধ্যে বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭ শতাংশ এবং রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ।

এ ছাড়া সিলেট বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

যেভাবে ফল জানা যাবে

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd থেকেও ফলাফল দেখা যাবে।

এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

HSC DHA 123456 2026

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। এখানে DHA-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর এবং 123456-এর জায়গায় নিজের রোল নম্বর দিতে হবে।

পুনঃনিরীক্ষণের আবেদন

ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন গ্রহণ করা হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে এসব পরীক্ষা সম্পন্ন করা হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়।

পি/ এস

শিক্ষা

দ্রুতই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি

নয়া বংলাদেশ ডিজিটাল ডেস্ক
দ্রুতই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
ছবি:সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের একটি বড় প্রক্রিয়া শেষ হলেও উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী শেষ পর্যন্ত চাকরিতে যোগ দেননি। ফলে শূন্য পদ পূরণে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ২০২৫’-এর মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জনের মধ্যে ১ হাজার ৪৭১ জন শেষ পর্যন্ত পদে যোগ দেননি। তাদের মধ্যে ৫৫৩ জন নিয়োগের পরবর্তী ধাপে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। অন্যদিকে নিয়োগপত্র পেয়েও নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে যোগ দেননি আরও ৯১৮ জন।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানায়, ২০২৫ সালে দুই ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছিলেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন। হিসাব অনুযায়ী, প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতায় অংশ নেন।

প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জন্য ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এসব পদের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি।

দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ১৬৬টি শূন্য পদের জন্য আবেদন করেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন।

নিয়োগ পরীক্ষার লিখিত ধাপে উত্তীর্ণ হন ৬৯ হাজার ২৬৫ জন। পরবর্তী সময়ে তাদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। সব ধাপের পরীক্ষা ও যাচাই শেষে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

এরপর গত ২৪ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জেলা অনুযায়ী নিয়োগের আদেশ জারি করা হয়। কয়েক দফায় প্রকাশিত এসব আদেশে নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

অধিদফতরের হিসাব অনুযায়ী, সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্যে ১৩ হাজার ৮৩১ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। অপরদিকে ৫৫৩ জন কাগজপত্র জমা দেননি। তাদের মধ্যে ৫৫২ জন কোনো নথি জমা দেননি এবং অপর একজন প্রার্থী মারা গেছেন।

কাগজপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্য থেকে ১৩ হাজার ৭৪৮ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। তবে নিয়োগপত্র পাওয়ার পরও সবাই কর্মস্থলে যোগ দেননি। নির্ধারিত সময়ের মধ্যে ১২ হাজার ৮৩০ জন চাকরিতে যোগ দিলেও ৯১৮ জন যোগদান করেননি।

ফলে কাগজপত্র জমা না দেওয়া ৫৫৩ জন এবং নিয়োগপত্র পেয়েও কর্মস্থলে যোগ না দেওয়া ৯১৮ জনসহ মোট ১ হাজার ৪৭১টি পদে প্রার্থী যোগ দেননি।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) আবদুর রহিম বলেন, কিছু প্রার্থী নিয়োগের পরবর্তী ধাপে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। আবার অনেকে নিয়োগপত্র পাওয়ার পরও কর্মস্থলে যোগ দেননি। অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি হয়ে যাওয়ায় কেউ কেউ নতুন পদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় এ ধরনের ঘটনা সাধারণত ঘটে বলেও জানান তিনি।

তবে এতসংখ্যক প্রার্থী যোগ না দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদ পূরণ নিয়ে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একটি বড় নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে সময় ও অর্থ ব্যয় হলেও পদ খালি থাকলে বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট পুরোপুরি দূর করা সম্ভব হয় না।

এই পরিস্থিতিতে শূন্য পদ পূরণে নতুন করে সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের এডিজি আবদুর রহিম।

শিক্ষা

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড রচনার কারিগর হলেন শিক্ষকরা। শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত না করে শিক্ষার সুষম উন্নয়ন সম্ভব নয়। আজ সোমবার (০৫ অক্টোবর) আন্তর্জাতিক শিক্ষা সনদের ৬০ বছর পূর্তিতে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬।

​‘শিক্ষকদের পাশে থাকা: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক চত্বরে ফিরে সমবেত হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা।

এতে আরও বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ নুর বখত,
জেলা জামায়াতে ইসলামীর আমীর প্রফেসর আজিজুর রহমান সরকার, প্রেসক্লাবের সভাপতি শফি খান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, ব্যাপারী পাড়া গোলজারিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওঃ নিজাম উদ্দিন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সদর উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, সদর থানার ওসি তদন্ত আব্দুর রহিম প্রমুখ।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়।

এ সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, গত ছয় দশকে বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হলেও শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তার বিষয়টি আজও সমান গুরুত্বপূর্ণ। একটি মেধাভিত্তিক ও আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে প্রথমেই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধি করতে হবে। শ্রেণি কক্ষে পাঠদানের পরিবেশ উন্নত করার পাশাপাশি শিক্ষকদের প্রাপ্য সম্মান দেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব।

​প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা বলেন, “শিক্ষকরা কেবল পাঠদান করেন না, তারা একটি জাতির ভবিষ্যৎ গঠন করেন। আজকের এই দিনে আমরা কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। শিক্ষকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মান উন্নয়নে জেলা প্রশাসন সর্বদা তাদের পাশে থাকবে।”

​জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে জেলার শিক্ষার সার্বিক চিত্র তুলে ধরেন এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া সভায় বক্তব্য রাখেন জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। তারা শিক্ষকদের বর্তমান নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে একটি যুগোপযোগী ও সম্মানজনক শিক্ষক নীতিমালার গুরুত্ব জোর দাবি জানান।

​সভা শেষে শিক্ষার প্রসারে বিশেষ অবদানের জন্য এবং শিক্ষা ক্ষেত্রে অনন্য ভূমিকার কথা স্মরণ করে স্থানীয় শিক্ষকদের শুভেচ্ছা জানানো হয়। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষকদের উপস্থিতি ও সুচিন্তিত মতামত শিক্ষক দিবসের এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

পি/এস

শিক্ষা

জাবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, আরেকজনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
জাবি ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, আরেকজনকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। তাদের মধ্যে একজনকে দলীয় পদ থেকে এবং অপরজনকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে শাখা ছাত্রদলের আরও এক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

কেন্দ্রীয় বিজ্ঞপ্তি অনুযায়ী, জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রনেতা রাসেল খন্দকারকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, একই ধরনের অভিযোগে জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজার কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় সংসদ। কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে।

নোটিশ অনুযায়ী, সেলিম রেজাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে লিখিতভাবে নিজের বক্তব্য উপস্থাপন করতে হবে।

তবে দুই নেতাকে বহিষ্কার এবং অপর নেতাকে শোকজ করার বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগগুলোর সুনির্দিষ্ট ধরন বা বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি।

পি/এস

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার