পাঠ্যবই ছাপা ও সরবরাহের ক্ষেত্রে গুণগত মান নিয়ে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কচুয়া উপজেলা সমিতি, ঢাকা’ আয়োজিত ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ইতোমধ্যে যেসব পাঠ্যবই নিম্নমানের পাওয়া গেছে, সেগুলো বাতিল করে নষ্ট করা হয়েছে। বই ছাপার ক্ষেত্রে কাগজ, কালি ও মুদ্রণপ্রক্রিয়ার মান নিশ্চিত করতে কঠোর অবস্থানে থাকবে সরকার। প্রধানমন্ত্রী দেশীয় মুদ্রণশিল্পের বিকাশ চান। এ কারণে চলতি বছর বিদেশি কোনো প্রতিষ্ঠানকে বই ছাপার দায়িত্ব দেওয়া হয়নি।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, আগের মতো নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার পাশাপাশি এবারও বইয়ের মান নিশ্চিত করা সম্ভব হবে।
সারা দেশে চালু হবে মিড ডে মিল
প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় ‘মিড ডে মিল’ কর্মসূচি চালু রয়েছে বলে জানান মন্ত্রী। ভবিষ্যতে এ কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে কুপনের মাধ্যমে ক্যান্টিন থেকে নিজেদের পছন্দ অনুযায়ী খাবার কিনতে পারে, সে ব্যবস্থাও চালুর পরিকল্পনা করা হচ্ছে। খাদ্যতালিকায় নতুন খাবার যুক্ত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে খাবার সরবরাহব্যবস্থা বিকেন্দ্রীকরণ করা হবে। প্রথমে কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করে পরে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ
শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজনের ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। বর্ষাকালে প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট সমস্যা এড়ানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি।
পরীক্ষার নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতে দুই সেট প্রশ্নপত্র দুটি পৃথক স্থানে—বিজি প্রেস ও আর্মি সিকিউরিটি প্রেসে ছাপানোর পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
এ ছাড়া পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় বাস্তবসম্মত পরিবর্তন আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কারিগরি শিক্ষায় গুরুত্ব
শিক্ষামন্ত্রী জানান, চতুর্থ শ্রেণিতে স্পোর্টস ও কালচারাল বিষয়ক বই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় নতুন কারিগরি পাঠ্যক্রমের আওতায় টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা এবং সেখানে তৃতীয় ভাষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সৌদি আরবেও একটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্র করার পরিকল্পনা
বাংলাদেশকে আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তুলতে সরকার ‘ক্রস বর্ডার এডুকেশন সিস্টেম’ চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, বৈশ্বিক র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫০০-এর মধ্যে থাকা বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশে শাখা প্রতিষ্ঠা করতে চাইলে অনুমোদনের সুযোগ তৈরি করতে বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা সমিতি, ঢাকার সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার বেবি।
এ সময় কচুয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।