হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
অর্থ-বাণিজ্য

খেজুর রফতানিতে টানা চার বছর বিশ্বসেরা সৌদি আরব

খেজুর রফতানিতে টানা চার বছর বিশ্বসেরা সৌদি আরব

খেজুর রফতানিতে টানা চতুর্থ বছরের মতো বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে সৌদি আরব। ২০২৫ সালে দেশটি ১৯৩ কোটি ৮০ লাখ সৌদি রিয়াল, যা প্রায় ৫৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সমান, মূল্যের খেজুর রফতানি করেছে। আগের বছরের তুলনায় এ আয় বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) তথ্যের বরাত দিয়ে শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, খেজুর রফতানিতে এই ধারাবাহিক অগ্রগতি সৌদি আরবের কৃষি খাতের বিকাশ এবং ‘সৌদি ভিশন ২০৩০’-এর আওতায় রফতানি সম্প্রসারণের উদ্যোগের প্রতিফলন।

ন্যাশনাল সেন্টার ফর পামস অ্যান্ড ডেটসের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল-মুসা জানান, সৌদি নেতৃত্বের সহযোগিতা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব উদ্যোগের ফলে সরবরাহব্যবস্থা ও রফতানি কার্যক্রমের উন্নতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সৌদি খেজুরের চাহিদা ও পরিচিতি বেড়েছে।

তিনি আরও বলেন, খেজুরের গুণগত মান, প্রজাতির বৈচিত্র্য এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধির কারণে বৈশ্বিক বাজারে সৌদি আরবের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে এবং রফতানিকারকদের সহায়তায় ন্যাশনাল সেন্টার ফর পামস অ্যান্ড ডেটস বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করছে।

বর্তমানে সৌদি আরবের খেজুর বিশ্বের ১২৫টিরও বেশি দেশে রফতানি করা হয়। দেশটিতে বছরে ১৯ লাখ টনের বেশি খেজুর উৎপাদিত হয় এবং খেজুরগাছের সংখ্যা ৩ কোটি ৭০ লাখেরও বেশি।

ধারাবাহিকভাবে বেড়েছে রফতানি আয়

সৌদি আরবের খেজুর রফতানির পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে এ খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

২০২১ সালে ১২১ কোটি ৫০ লাখ রিয়াল মূল্যের খেজুর রফতানি করে বিশ্বে শীর্ষ রফতানিকারক দেশের অবস্থান অর্জন করে সৌদি আরব। ২০২২ সালে রফতানি আয় বেড়ে দাঁড়ায় ১২৮ কোটি রিয়ালে। ওই বছর দেশটির খেজুর পৌঁছে যায় ১১৬টি দেশে।

২০২৩ সালে রফতানি আয় আরও বেড়ে ১৪৬ কোটি ২০ লাখ রিয়ালে উন্নীত হয়। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ছিল প্রায় ১৪ শতাংশ। ২০২৪ সালে রফতানি মূল্য ১৫ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬৯ কোটি ৫০ লাখ রিয়ালে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালে রফতানি আয় পৌঁছায় ১৯৩ কোটি ৮০ লাখ রিয়ালে।

২০১৬ সালের তুলনায় ২০২৫ সালে সৌদি খেজুর রফতানির মূল্য বেড়েছে ১৯২ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ প্রায় এক দশকে রফতানি আয় প্রায় তিন গুণ হয়েছে। এ সময়ে গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ১২ দশমিক ৭ শতাংশ।

উৎপাদনেও বিশ্বে শীর্ষস্থানীয় সৌদি আরব

খেজুর উৎপাদনেও বিশ্বের অন্যতম প্রধান দেশ সৌদি আরব। বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় ১৭ শতাংশ আসে দেশটি থেকে। উৎপাদনের হিসাবে বিশ্বে দেশটির অবস্থান দ্বিতীয়।

সৌদি আরবে খেজুরের স্বয়ংসম্পূর্ণতার হার ১২৫ শতাংশের বেশি। ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরও বিপুল পরিমাণ খেজুর বিদেশে রফতানি করা সম্ভব হচ্ছে।

খেজুর সৌদি আরবের অর্থনীতির পাশাপাশি দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। এর অন্যতম উদাহরণ আল-আহসা মরূদ্যান। প্রায় ৮৫ দশমিক ৪ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই মরূদ্যানে রয়েছে ২৫ লাখের বেশি খেজুরগাছ।

২০১৮ সালে আল-আহসা মরূদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। পরে ২০২০ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে বিশ্বের বৃহত্তম স্বয়ংসম্পূর্ণ মরূদ্যান হিসেবে স্বীকৃতি দেয়।

খেজুর খাতের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে সৌদি আরব। দেশটির লক্ষ্য, খেজুরকে বিশ্ববাজারে একটি উচ্চমানের ও নির্ভরযোগ্য খাদ্যপণ্য হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত করা।

পি/এস

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
অর্থ-বাণিজ্য

আবারও বাড়তে পারে এলপি গ্যাসের দাম, কাল গণশুনানি

নিজস্ব প্রতিবেদক
আবারও বাড়তে পারে এলপি গ্যাসের দাম, কাল গণশুনানি

দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন আমদানিকারকরা। ১২ কেজির সিলিন্ডারের বর্তমান নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ৩০০ টাকা বাড়িয়ে ২ হাজার ১৩৭ টাকা করার আবেদন করা হয়েছে।

এ প্রস্তাবের ওপর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানি শেষে নতুন দাম নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) জানিয়েছে, জাহাজভাড়া, পরিবহন, সংরক্ষণ ও বোতলজাতকরণসহ বিভিন্ন খরচ বেড়েছে। এসব ব্যয় সমন্বয়ের জন্য সিলিন্ডারের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর দাবিও উঠেছে।

তবে নির্ধারিত দামেই এলপিজি পাওয়া নিয়ে ভোক্তাদের অভিযোগ দীর্ঘদিনের। বর্তমানে ১২ কেজির সিলিন্ডারের সরকারি দাম ১ হাজার ৮৩৭ টাকা হলেও অনেক জায়গায় ক্রেতাদের ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৫০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয়, শ্রমিকের মজুরি, লাইসেন্স ও অন্যান্য পরিচালন খরচ বেড়ে যাওয়ায় দাম সমন্বয়ের প্রয়োজন হয়েছে।

অন্যদিকে, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলমের মতে, ব্যবসায়ীদের ধর্মঘটের হুমকির পরিপ্রেক্ষিতে দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি আয়োজন ভোক্তাদের স্বার্থের পরিপন্থী। এতে জ্বালানি খাতে ভোক্তাদের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এলপিজির দাম ও বিভিন্ন চার্জ বাড়ানোর প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার বিইআরসির গণশুনানিতে আলোচনা হবে। তবে নতুন দাম বাড়বে কি না, তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের ওপর।

অর্থ-বাণিজ্য

চার দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
চার দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা চার দফা দরপতনের পর বুধবার (২৮ অক্টোবর) প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বেড়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮৪৯ টাকায়।

পি/এস

অর্থ-বাণিজ্য

ই-টিন থাকলেই ৫ হাজার টাকা জরিমানা, তথ্যটি কি সঠিক?

অনলাইন ডেস্ক
ই-টিন থাকলেই ৫ হাজার টাকা জরিমানা, তথ্যটি কি সঠিক?
ছবি: সংগৃহীত

ই-টিন (e-TIN) থাকা সত্ত্বেও আয়কর রিটার্ন জমা না দিলে সবার ৫ হাজার টাকা জরিমানা হবে—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়েছে। এতে অনেক করদাতার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, রিটার্ন জমা দিতে ব্যর্থ হলেই সবার ওপর স্বয়ংক্রিয়ভাবে একই অঙ্কের জরিমানা আরোপ করা হয় না। জরিমানার বিষয়টি নির্ভর করে করদাতার পরিস্থিতি ও আইনের প্রযোজ্য বিধানের ওপর।

ই-টিন থাকলেই কি রিটার্ন জমা দিতে হবে?

বিভিন্ন প্রয়োজনে—যেমন ব্যাংকিং সেবা, ঋণ গ্রহণ বা সম্পত্তি নিবন্ধনের জন্য—অনেকে ই-টিন নিবন্ধন করেন। পরে আয় কমে গেলেও কিংবা আয় করমুক্ত সীমার নিচে নেমে এলেও নির্দিষ্ট ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকতে পারে।

সাধারণত নির্ধারিত করমুক্ত সীমার বেশি আয় রয়েছে এমন ব্যক্তি, ফার্মের অংশীদার, কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক, নির্দিষ্ট শ্রেণির সরকারি কর্মচারী এবং আইন অনুযায়ী যাঁদের বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দেখাতে হয়, তাঁদের রিটার্ন জমা দিতে হতে পারে। তবে কার জন্য রিটার্ন বাধ্যতামূলক, তা ব্যক্তির অবস্থা ও সংশ্লিষ্ট আইনি বিধান অনুযায়ী যাচাই করা জরুরি।

রিটার্ন জমা না দিলে জরিমানা কত?

আয়কর আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করার ক্ষেত্রে জরিমানার বিধান রয়েছে। যুক্তিসঙ্গত কারণ ছাড়া রিটার্ন দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপকর কমিশনার আইন অনুযায়ী জরিমানা আরোপ করতে পারেন। তবে ৫ হাজার টাকা সবার জন্য নির্ধারিত একক জরিমানা নয়।

প্রদত্ত তথ্য অনুযায়ী, আগে আয় নিরূপণ হয়নি—এমন ব্যক্তি করদাতার ক্ষেত্রে জরিমানা সর্বোচ্চ ৫ হাজার টাকা হতে পারে। আর আগে আয় নিরূপণ হয়ে থাকলে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর প্রদেয় করের ৫০ শতাংশ অথবা ১ হাজার টাকা—এর মধ্যে যেটি বেশি, সেই অঙ্ক জরিমানার সর্বোচ্চ সীমা হিসেবে প্রযোজ্য হতে পারে। এ ছাড়া ন্যূনতম জরিমানা এবং রিটার্ন দাখিলে ব্যর্থতা অব্যাহত থাকলে অতিরিক্ত দৈনিক জরিমানার বিধানও রয়েছে।

তবে ব্যক্তির কর-সংক্রান্ত ইতিহাস ও প্রযোজ্য আইনি বিধান বিবেচনা না করে নির্দিষ্ট অঙ্কের জরিমানা হবে বলে ধরে নেওয়া ঠিক নয়।

রিটার্ন জমার শেষ সময় কখন?

স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য সাধারণত ৩০ নভেম্বর করদিবস হিসেবে নির্ধারিত থাকে। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রয়োজনে সময়সীমা বাড়াতে পারে। তাই সংশ্লিষ্ট করবর্ষের সর্বশেষ নির্দেশনা দেখে রিটার্ন জমার সময় নিশ্চিত হওয়া উচিত।

আয় করযোগ্য নয়, কিন্তু ই-টিন রয়েছে—করণীয় কী?

বর্তমানে আয় না থাকলে বা আয় করমুক্ত সীমার নিচে থাকলে প্রথমে যাচাই করতে হবে, আইন অনুযায়ী আপনার রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক কি না। ভবিষ্যতে রিটার্ন দেওয়ার প্রয়োজন না থাকলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে টিআইএন বাতিলের আবেদন করা যেতে পারে। তবে টিআইএন বাতিল এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা এক বিষয় নয়; আবেদন করলেই তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায় না।

অনলাইনে রিটার্ন জমার অবস্থা যাচাই করবেন যেভাবে

ই-টিনের বিপরীতে আগের করবর্ষগুলোর রিটার্ন জমা হয়েছে কি না, তা জানতে এনবিআরের ই-রিটার্ন পোর্টাল etaxnbr.gov.bd-এ প্রবেশ করে নিজের অ্যাকাউন্টে লগইন করুন। সেখানে সংশ্লিষ্ট করবর্ষের রিটার্ন দাখিলের তথ্য ও প্রাপ্তিস্বীকারপত্র যাচাই করা যাবে।

কোনো করবর্ষের রিটার্ন বাকি থাকলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিন। জরিমানার নোটিশ পেলে সংশ্লিষ্ট কর সার্কেলে যোগাযোগ করুন। প্রয়োজনে অভিজ্ঞ কর আইনজীবী বা কর পরামর্শকের সহায়তা নিতে পারেন।

সবশেষে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে আতঙ্কিত না হয়ে নিজের কর-সংক্রান্ত অবস্থা যাচাই করাই সবচেয়ে ভালো। রিটার্ন জমার বাধ্যবাধকতা ও জরিমানার পরিমাণ নিশ্চিত করতে এনবিআরের সর্বশেষ নির্দেশনা এবং প্রযোজ্য আইন অনুসরণ করুন।

অর্থ-বাণিজ্য

শীতের আগাম সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম

নয়া বংলাদেশ ডিজিটাল ডেস্ক
শীতের আগাম সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম
ছবি:সংগৃহীত

রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে বাজারে সরবরাহ বাড়লেও স্বস্তি ফিরছে না ক্রেতাদের মধ্যে। অধিকাংশ সবজি এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। অন্যদিকে, মাছ ও মাংসের বাজারে বড় কোনো পরিবর্তন না থাকলেও ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিমের দাম।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, মুলা ৭০ টাকা এবং ফুলকপি প্রতি পিস ৭০ টাকায়। ঢ্যাঁড়স, করলা, বেগুন, বরবটি, পটল ও কাঁকরোলের মতো সবজির দাম কেজিপ্রতি ৭০ থেকে ১২০ টাকার মধ্যে। দেশি শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। তবে তুলনামূলক কম দামে অন্য শসা পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

শীতের আগাম সবজি শিমের দাম এখনও বেশ চড়া। প্রতি কেজি শিম কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১৫০ টাকা। বিপরীতে প্রতি কেজি পেঁপে পাওয়া যাচ্ছে ৩০ টাকায়। কয়েক সপ্তাহ আগে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০০ টাকা পর্যন্ত উঠলেও সরবরাহ বাড়ায় বর্তমানে মানভেদে তা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়।

বাজারে টমেটোর দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা। গোল বেগুন ১২০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি, ঝিঙে ও করলার দাম কেজিপ্রতি ৮০ টাকা। প্রতি পিস লাউয়ের দাম ৪০ থেকে ৬০ টাকা এবং কচুরমুখি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

বাজারে সবজির দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। ক্রেতা আবু দাউদ বলেন, ‘বাজারে নতুন ফুলকপি কিনলাম। ১৪০ টাকা দিয়ে দুই পিস নিয়েছি। একটি লাউ ৫০ টাকা আর এক পোয়া কাঁচা মরিচ ৪০ টাকা দিয়ে কিনেছি।’

মুরগির দাম স্থিতিশীল, ডিমে স্বস্তি

মুরগির বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আর সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩১০ টাকা।

ব্রয়লার মুরগি বিক্রেতা মনির হোসেন বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে ওঠানামা করছে। এক সপ্তাহে ১০ টাকা কমলে পরের সপ্তাহে আবার ১০ টাকা বাড়ে। ফলে দাম ঘুরেফিরে ২০০ টাকার আশপাশেই থাকে। অন্যদিকে, সোনালি মুরগি কেজিপ্রতি ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে বিক্রি হয়। শুক্রবার তিনি ৩১০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

এদিকে, ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। আগের তুলনায় প্রতি ডজন ডিমের দাম ১০ টাকা কমে এখন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। চারটি ডিম কিনতে খরচ হচ্ছে ৫০ টাকা।

ডিম বিক্রেতা মাসুম আল হাসান বলেন, বর্তমানে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৪০ টাকা দরে বিক্রি করছেন তারা।

গরুর মাংসের দামেও কোনো পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।

মাছের বাজারে দাম চড়া

মাছের বাজারে অধিকাংশ পদের দাম আগের মতোই রয়েছে। প্রতি কেজি রুই ও কাতলা বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকায়। পাঙাশের দাম ২২০ থেকে ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে।

এ ছাড়া মৃগেল মাছের দাম কেজিপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা। বড় আকারের রুই কিনতে খরচ হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা, আর মাঝারি আকারের রুই পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। প্রতি কেজি ট্যাংরা বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।

অন্যান্য মাছের মধ্যে পাবদা কেজিপ্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ২৬০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের কইয়ের দাম কেজিপ্রতি ৩০০ টাকা। শোল মাছ বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি।

শোল, রূপচাঁদা ও নদীর বেলে মাছ কিনতে ক্রেতাদের কেজিপ্রতি এক হাজার টাকারও বেশি ব্যয় করতে হচ্ছে। তবে মাছের আকার, জীবিত না মৃত এবং বাজারভেদে দামে পার্থক্য রয়েছে। এসব কারণে প্রতি কেজি মাছের দামে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত ব্যবধান দেখা যেতে পারে।

ব্যবসায়ীরা জানান, মাছের দাম অনেকটাই সরবরাহের ওপর নির্ভরশীল। সাধারণ দিনের তুলনায় শুক্রবার মাছের চাহিদা বাড়ায় দামও কিছুটা বেশি থাকে। বর্তমানে ২০০ টাকার নিচে মাছ পাওয়া কঠিন হয়ে পড়েছে। আগে পাঙাশের সরবরাহ কম থাকলেও এখন সরবরাহ বাড়ার পরও এর দাম কেজিপ্রতি ২০০ টাকার ওপরে রয়েছে।

সব মিলিয়ে, বাজারে শীতকালীন সবজির আগমন শুরু হলেও দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মাছ-মাংসের দামেও বড় কোনো স্বস্তি নেই। এর মধ্যে ডিমের দাম কমায় সীমিত পরিসরে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।

এস/এস

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার