প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা তৈরি এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে বরগুনার চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং আরডিএফের বাস্তবায়নে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি ও বরগুনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জনাব হাফসা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বরগুনার উপপরিচালক জনাব রূপ কুমার পাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব তাপস চন্দ্র বেপারী, সাবেক অধ্যক্ষ পাথরঘাটা মহাবিদ্যালয় জনাব জাহাঙ্গীর হোসেন, চরকগাছিয়া প্রগতি বিদ্যালয়ের এসএমসির সাবেক সহসভাপতি শিক্ষানুরাগী আব্দুল মালেক মাস্টার, চরকগাছিয়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আফজাল হোসেন, নলী চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম হায়দারসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, আরডিএফের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (এসএমসি) সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
কর্মশালায় বাল্যবিবাহের কুফল, এর সামাজিক ও শারীরিক ক্ষতিকর প্রভাব, প্রচলিত আইন এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার শেষ পর্বে বাল্যবিবাহের নেতিবাচক দিক তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ করে। নাটিকাটির মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।