টানা প্রায় সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও কাপ্তাই হ্রদে মাছ ধরার অনুমতি মিলেছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে মাছভর্তি নৌযান নিয়ে রাঙামাটির ফিশারি মৎস্য অবতরণ ঘাটে ফিরতে শুরু করেন জেলেরা।
সকালে রাঙামাটি শহরের ফিশারি মৎস্য অবতরণ ঘাটে গিয়ে দেখা যায়, লংগদু, বরকল, সুবলং, বন্দুকভাঙাসহ হ্রদের বিভিন্ন এলাকা থেকে একের পর এক মাছভর্তি নৌযান ঘাটে আসছে। নৌকা থেকে মাছ নামানো, ওজন করা এবং ট্রাকে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন জেলে, শ্রমিক ও আড়তদারেরা।
জেলে মো. ইব্রাহিম জানান, নিষেধাজ্ঞা শেষে প্রথমবার জাল ফেলেই কিছু মাছ পেয়েছেন। সার্বিক পরিস্থিতিও মোটামুটি ভালো বলে মনে করছেন তিনি।
আড়তদার মো. কবির মিয়া বলেন, মাছ পাওয়া যাচ্ছে ভালোই। তবে অধিকাংশ মাছের আকার তুলনামূলক ছোট।
রাঙামাটি মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মো. পান্না মিয়াও একই কথা জানিয়েছেন। তাঁর মতে, ঘাটে বেশির ভাগই ছোট মাছ আসছে। এ ছাড়া মাছ রাখার জায়গা ও পন্টুনের সংকট রয়েছে। এসব সমস্যার সমাধান হলে জেলে ও মাছ ব্যবসায়ীরা আরও সুবিধা পাবেন।
সমিতির যুগ্ম সম্পাদক বুলবুল হোসেন বলেন, প্রায় ১০০ দিন পর হ্রদে মাছ ধরা শুরু হয়েছে। দিন শেষে মোট কত পরিমাণ মাছ আহরণ হয়েছে, তা স্পষ্ট হবে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক মো. ফয়েজ আল করিম জানান, মাছ ধরা শুরু হওয়ায় অবতরণ ঘাটে আবার প্রাণচাঞ্চল্য ফিরেছে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মাছভর্তি নৌযান ঘাটে ভিড়ছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এবার মাছের আকার খুব বেশি বাড়েনি।
তিনি জানান, গত বছর নিষেধাজ্ঞা শেষে প্রথম দিন ১২৫ মেট্রিক টন মাছ অবতরণ হয়েছিল। এবার মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ১৬ মেট্রিক টন মাছ ঘাটে এসেছে। গত বছর ১০ হাজার মেট্রিক টন মাছ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত তার চেয়ে বেশি মাছ পাওয়া যায়। এবারও আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে সোমবার রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা আদেশে কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
তবে নিষেধাজ্ঞা উঠে গেলেও মাছ ধরার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। জেলেদের বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি কেন্দ্র থেকে বাধ্যতামূলক লাইসেন্স নিতে হবে। ৯ ইঞ্চির কম আকারের পোনা মাছ ধরা যাবে না। পাশাপাশি মৎস্য অভয়াশ্রমে মাছ শিকার নিষিদ্ধ থাকবে।
এ ছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন নির্ধারিত অবতরণ ঘাট ছাড়া অন্য কোনো স্থানে মাছ নামানো যাবে না। সংশ্লিষ্টরা বলছেন, এসব শর্ত মানার মাধ্যমে হ্রদের মাছের প্রজনন ও উৎপাদন ধরে রাখার পাশাপাশি জেলেদের জীবিকা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।