হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
বিজ্ঞান ও প্রযুক্তি

চ্যাটজিপিটিতে ভুলেও শেয়ার করবেন না এই ৫ ধরনের তথ্য, দিয়ে ফেললে করণীয় কী?

চ্যাটজিপিটিতে ভুলেও শেয়ার করবেন না এই ৫ ধরনের তথ্য, দিয়ে ফেললে করণীয় কী?
ছবি: এআই দিয়ে তৈরি

দৈনন্দিন নানা কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের ব্যবহার বাড়ছে। ই-মেইল লেখা, জটিল বিষয় বোঝা থেকে শুরু করে ব্যক্তিগত নানা সমস্যার সমাধানেও অনেকে ব্যবহার করছেন চ্যাটজিপিটি। তবে প্রযুক্তির এই সুবিধা ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, এআই চ্যাটবটের সঙ্গে সব ধরনের তথ্য শেয়ার করা নিরাপদ নয়। বিশেষ করে পাঁচ ধরনের সংবেদনশীল তথ্য শেয়ার করলে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

১. ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য

নিজের পূর্ণ নাম, বাসার ঠিকানা, ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের নম্বর এআই চ্যাটবটে শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। এসব তথ্যের অপব্যবহারে পরিচয় চুরি ও প্রতারণার আশঙ্কা থাকে। সিভি বা প্রয়োজনীয় কোনো নথি সম্পাদনার জন্য আপলোড করার আগেও ব্যক্তিগত তথ্য মুছে নেওয়া ভালো।

২. একান্ত ব্যক্তিগত ও সম্পর্কের তথ্য

পারিবারিক সমস্যা, ব্যক্তিগত দ্বন্দ্ব, সম্পর্কের জটিলতা কিংবা জীবনের অত্যন্ত গোপন বিষয় এআই চ্যাটবটের সঙ্গে শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। চ্যাটবটের সঙ্গে স্বাভাবিক কথোপকথনের কারণে অনেকেই অতিরিক্ত ব্যক্তিগত তথ্য জানিয়ে ফেলেন। কিন্তু কথোপকথন ব্যক্তিগত মনে হলেও সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে গোপনীয়তার বিষয়টি বিবেচনা করা জরুরি।

৩. স্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত তথ্য

চিকিৎসার ইতিহাস, পরীক্ষার রিপোর্ট, হাসপাতালের নথি কিংবা রোগীর ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য শেয়ার করা উচিত নয়। স্বাস্থ্যসংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে পরিচয় শনাক্ত করা যায় এমন অংশ বাদ দিয়ে সাধারণভাবে প্রশ্ন করা নিরাপদ।

৪. অফিসের গোপন নথি ও ব্যবসায়িক তথ্য

প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রতিবেদন, ক্লায়েন্টের ব্যক্তিগত তথ্য, ব্যবসায়িক পরিকল্পনা, গোপন চুক্তি কিংবা সফটওয়্যারের সংবেদনশীল সোর্স কোড এআই চ্যাটবটে দেওয়া থেকে বিরত থাকতে হবে। এসব তথ্য শেয়ার করলে প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতি ও চুক্তি লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে।

৫. ব্যাংক ও আর্থিক তথ্য

ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ক্রেডিট কার্ড নম্বর, পিন, পাসওয়ার্ড, বেতন বিবরণী কিংবা আয়করসংক্রান্ত নথি এআই চ্যাটবটে শেয়ার করা উচিত নয়। এসব তথ্যের অপব্যবহারে আর্থিক প্রতারণা ও পরিচয় জালিয়াতির ঝুঁকি রয়েছে।

ইতিমধ্যে এসব তথ্য শেয়ার করে ফেললে কী করবেন?

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, প্রথমেই সংশ্লিষ্ট এআই প্ল্যাটফর্মের গোপনীয়তা ও নিরাপত্তা সেটিংস পরীক্ষা করতে হবে। সংবেদনশীল কথোপকথন মুছে ফেলার পাশাপাশি ভবিষ্যতে কথোপকথন মডেল প্রশিক্ষণে ব্যবহারের বিষয়টি নিয়ন্ত্রণের সুযোগ থাকলে সেটি বন্ধ করা যেতে পারে।

এ ছাড়া পাসওয়ার্ড বা লগইন তথ্য শেয়ার করে থাকলে দ্রুত সেগুলো পরিবর্তন করতে হবে। গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে দ্বিস্তরীয় নিরাপত্তা চালু করা এবং ব্যাংক বা কার্ডের লেনদেন নিয়মিত পর্যবেক্ষণ করাও জরুরি। আর্থিক তথ্য ফাঁসের আশঙ্কা থাকলে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

তবে মনে রাখতে হবে, কোনো চ্যাট বা কথোপকথন মুছে ফেললেই সংশ্লিষ্ট সব তথ্য সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে মুছে যায়, এমন নিশ্চয়তা নেই।

প্রযুক্তির সুবিধা নিতে গিয়ে ব্যক্তিগত নিরাপত্তা যেন ঝুঁকিতে না পড়ে। তাই এআই ব্যবহারের সময় প্রয়োজনের অতিরিক্ত ব্যক্তিগত ও গোপন তথ্য শেয়ার না করাই বুদ্ধিমানের কাজ।

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
সারাদেশ

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।

নয়া বাংলাদেশ ডিজিটাল ডেস্ক
ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী।
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলার দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গিয়ে আবু ইউসুফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলাকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু ইউসুফ একটি স্থানীয় ডাইং কারখানায় গাড়িচালক হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার শাহরাস্তি উপজেলায়। আট মাস আগে নাহিদা ইয়াসমিনের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে মামলার হাজিরা দিয়ে ফেরার পথে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জুয়েল আরমান আহত হন।

এই ঘটনার জের ধরে রাতের দিকে দেলোয়ারের বাড়িতে হামলা চালায় জুয়েল আরমানের অনুসারীরা। এ সময় বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলার দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন দেলোয়ারের প্রতিবেশী আবু ইউসুফ। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী নাহিদা ইয়াসমিন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আদালত প্রাঙ্গণে জামিন নিতে এসে জুয়েল আরমান নামের এক ব্যক্তি প্রতিপক্ষের ওপর হামলার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় রাতে দেলোয়ারের বাড়িতে তার অনুসারীরা হামলা চালান। ওই সময় হামলার ভিডিও ধারণ করায় আবু ইউসুফকে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাদেশ

ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

​মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি
ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ডিজিটাল লেনদেন জনপ্রিয়করণ এবং কিউআর কোডভিত্তিক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ডিজিটাল ব্যাংকিংয়ের উদ্যোগে কুড়িগ্রামে ‘বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়াম মার্কেটের সামনে ‘বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক এ কার্যক্রম’ অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর কার্যালয়ের পরিচালক এ.কে.এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রংপুর কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এস.এম. আব্দুল বারী। পুরো অনুষ্ঠানটির আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্বিক দিকনির্দেশনায় চালু হওয়া ‘বাংলা কিউআর’ দেশের পেমেন্ট ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। এর মাধ্যমে ক্রেতারা যেকোনো ব্যাংকের বা এমএফএস-এর অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ঝামেলাহীন ও নিরাপদ লেনদেন সম্পন্ন করতে পারছেন। ক্যাশলেস সমাজ গঠনে খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে সব স্তরের মানুষের মাঝে এই প্রযুক্তির ব্যবহার ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

​ইউসিবি ও ডিজিটাল ব্যাংকিং-এর পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক পর্যায়ে ডিজিটাল লেনদেনের সুবিধা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের মাঝে বাংলা কিউআর ব্যবহারে স্বাচ্ছন্দ্য আনতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

জাতীয়

মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ

অনলাইন ডেস্ক
মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ
ছবি: সংগৃহীত

মেট্রোরেলের ভেতরে ‘আমরা করব জয়’ গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুই শিশুর বাবার পরিচয় পাওয়া গেছে। তার নাম ফিরোজ খান রনি। তবে এই পরিবারকে ঘিরে উঠে এসেছে নানা অভিযোগ। একাধিক ব্যক্তির দাবি, একসময় আর্থিক সংকটে থাকা ফিরোজ খানকে সহায়তা হিসেবে দেওয়া দুটি ব্যাটারিচালিত রিকশা বিক্রি করে সন্তানদের নিয়ে এখন ঢাকায় ভিক্ষা করছেন তিনি।

ফিরোজ খানের আদি বাড়ি ঝালকাঠিতে। ঢাকায় আসার আগে তিনি বরিশাল নগরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মেট্রোরেলে গান গাওয়া শিশুর নাম মরিয়ম আক্তার এবং তার ভাইয়ের নাম নূর। দুজনের বয়স আনুমানিক পাঁচ বছর।

২০২৩ সালে বরিশালের স্থানীয় সাংবাদিক সাব্বির খানের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন ফিরোজ খান। সে সময় তার স্ত্রী মারা যাওয়ার পর দুই শিশুকে বাসায় রেখে জীবিকার তাগিদে ভিক্ষা করতে যাওয়ার বিষয়টি সামনে আসে। সাংবাদিক সাব্বিরের মাধ্যমে তার অসহায়ত্বের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তৎকালীন একজন মন্ত্রী এবং ফরিদপুরের এক ব্যবসায়ীর নজরে আসে। পরে তারা ফিরোজ খানকে দুটি ব্যাটারিচালিত রিকশা কিনে দেন।

সাংবাদিক সাব্বির খান বুধবার দুপুরে কালবেলাকে জানান, সহায়তা হিসেবে পাওয়া দুটি রিকশার একটি ফিরোজ নিজে চালাতেন এবং অন্যটি ভাড়ায় দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে কারাভোগের বিষয়টি জানতে পারেন তারা। যদিও পরে জামিনে মুক্তি পান ফিরোজ। সে সময় তিনি দাবি করেছিলেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

সাব্বির খানের ভাষ্য অনুযায়ী, কিছুদিন পর বরিশালের লঞ্চঘাট এলাকায় ফিরোজ খানের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া যায়। তবে সেই সংসারও বেশিদিন টেকেনি। দ্বিতীয় স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠার পর সন্তানদের নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। ঢাকায় আসার আগে সহায়তা হিসেবে পাওয়া রিকশা দুটি বিক্রি করে দেন বলেও অভিযোগ রয়েছে।

সাব্বিরের অভিযোগ, সন্তানদের সামনে রেখে মানুষের কাছে সাহায্য চাওয়ার বিষয়টি ফিরোজ খানের পুরোনো অভ্যাস। তিনি আরও জানান, ২০২৩ সালে শিশু দুটিকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে একটি ডে-কেয়ার সেন্টারে রাখার উদ্যোগ নেওয়া হয়েছিল। দুই শিশুরই গানের কণ্ঠ ভালো। তাদের বাবা ফিরোজ খানও গান গাইতে পারেন। এমনকি একবার রিকশাচালকদের নিয়ে আয়োজিত একটি গানের রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি।

বরিশালের বটতলা এলাকার আরেক বাসিন্দার দাবি, ২০২৩ সালে শিশু দুটির অসহায়ত্বের গল্প প্রথমবার ছড়িয়ে পড়ার পর চিত্রনায়িকা পরীমনি তাদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে সে সময় স্থানীয়দের একাংশ তার এই প্রস্তাব নিয়ে আস্থা রাখতে না পারায় ফিরোজ খানকে সন্তানদের নিয়ে সেখানে যেতে নিরুৎসাহিত করেন।

সম্প্রতি মেট্রোরেলের ভেতরে দুই শিশুর ‘আমরা করব জয়’ গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসে পরিবারটি। সেই সূত্র ধরেই সামনে এসেছে তাদের অতীত এবং ফিরোজ খানকে ঘিরে থাকা নানা অভিযোগ।

সারাদেশ

কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা

​মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা
ছবি: সংগৃহীত

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর উদ্যোগে কুড়িগ্রামে 'ফ্রেন্ডশিপ ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম' (এফডিআইডিপি)-এর অগ্রগতি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম খলিলগঞ্জের জামান ইন হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের বিগত সময়ের কার্যক্রম, অর্জন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান। এফডিআইডিপি প্রকল্পের ম্যানেজার শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু বক্কর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহিম আল মোস্তাকুর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুর রশিদ সহ কুড়িগ্রামের সরকারী ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ।

​সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, টেকসই জীবিকায়নে ফ্রেন্ডশিপের এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করলে এ প্রকল্পের সুফল আরও দ্রুত প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।

​প্রকল্পের কর্মকর্তারা জানান, এ প্রকল্পের আওতায় জেলার চরাঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবিকায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করা হচ্ছে।

​মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার