পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় নেওয়া হয়। এ নিয়ে কেন্দ্রটিতে মোট চারটি চালান পৌঁছাল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামবাহী গাড়িগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকল্পের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটি চালানে পারমাণবিক জ্বালানি আনা হয়েছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি সরবরাহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে।
প্রথম ইউনিটে পরীক্ষামূলক কার্যক্রম এগোচ্ছে
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি ইউনিট রয়েছে। এরই মধ্যে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতির অংশ হিসেবে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান এ পর্যায়ের কার্যক্রম পরিচালনার অনুমোদন দেন।
স্টেজ-সি পর্যায়ে ধীরে ধীরে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং পরিচালন ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।
পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। প্রযুক্তিগতভাবে এ প্রক্রিয়াকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।
সংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রক সংস্থার শর্ত পূরণ ও প্রয়োজনীয় অনুমোদনের ওপর নির্ভর করবে।
পি/ এস