ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক নারীর বাড়িতে যাতায়াত এবং পরে তাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম হযরত আলী মণ্ডল (৩৮)। তিনি উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রচারণাও চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ফুলবাড়িয়া থানায় হযরত আলীকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী নারী (৪৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান।
মামলার এজাহার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর ওই নারীর স্বামী গ্রেপ্তার হয়ে কারাগারে যান। এরপর স্বামীকে কারাগার থেকে মুক্ত করার আশ্বাস দিয়ে ওই নারীর বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করেন হযরত আলী।
অভিযোগে বলা হয়েছে, গত ২০ অক্টোবর সকাল ১১টার দিকে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে অনৈতিক প্রস্তাব দেন হযরত আলী। এতে রাজি না হওয়ায় তিনি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভুক্তভোগী নারীর দাবি, স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে হযরত আলী প্রায়ই তাদের বাড়িতে আসতেন। ঘটনার দিনও তিনি কয়েকবার বাড়িতে যান। একপর্যায়ে স্বামীকে মুক্ত করার কথা বলে ওই নারীকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে সম্মতি না দেওয়ায় ঘরে ঢুকে তাকে জাপটে ধরে বিছানায় ফেলে দেন।
ওই নারী আরও জানান, নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে আগে থেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ চালু রেখেছিলেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যেন প্রমাণ থাকে, সে উদ্দেশ্যেই তিনি ভিডিওটি ধারণ করেন। পরবর্তী সময়ে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীর অভিযোগ, তার স্বামীকে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তাকে মুক্ত করতে বিভিন্ন জায়গায় যোগাযোগের পর আইনজীবীর মাধ্যমে গত সোমবার জামিনের ব্যবস্থা করেন তিনি। অভিযুক্ত হযরত আলীর বিরুদ্ধে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ওই নারী। একই সঙ্গে তাকে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নারীকে ধর্ষণচেষ্টার দৃশ্য দেখা গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত হযরত আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হযরত আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছেন ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ। তিনি জানান, বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে হযরত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।