ঢাকার ধামরাইয়ে গ্যারেজে ঢুকে গৃহকর্তাকে জিম্মি করে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনায় ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ২টি ব্যাটারি চালিত অটোরিকশা ও ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।
ধামরাই থানার প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ৮/৯ জনের মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাকু, পিস্তল, শাবল নিয়ে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর এলাকায় বিল্লাল হোসেন (৪৭) এর অটোরিকশা গ্যারেজে হানা দেয়।
এ সময় গ্যারেজের ভেতরে থাকা বিল্লালের বড় ভাই ভিকটিম মুজিবর রহমান (৫১) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে বিছানার উপর ফেলে রেখে ঘাড়ের উপর রামদা ধরে ভয় দেখায় ডাকাতরা। পরে গ্যারেজে থাকা ৪টি ব্যাটারি চালিত ইজি বাইক (আনুমানিক মূল্য ৬,৫০,০০০ টাকা), বিভিন্ন গাড়ি থেকে খুলে নেওয়া ২৭ পিস ব্যাটারি (মূল্য ৪,৩২,০০০ টাকা), সিসি ক্যামেরার ডিভিআর মেশিন (৪,০০০ টাকা) এবং নগদ ২,৫০০ টাকাসহ সর্বমোট ১০,৮৮,৫০০ টাকার মালামাল লুণ্ঠন করে একটি অজ্ঞাত পিকআপে করে কালামপুর বাজারের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিম মুজিবর রহমান বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৪, তারিখ- ১১/০৯/২০২৬, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
মামলার পর ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ উত্তর) ও অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ নজমুল হুদা খানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) এসএম কাওহার সুলতান তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে গতকাল ২৩ অক্টোবর ২০২৬ ভোর ৫টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী খালপাড় এলাকা থেকে ১নং আসামি সোহেল (৩০) ও ৩নং আসামি ইমাম হোসেন শাওন (৩২) কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে একই দিন ভোর ৫টা ৪৫ মিনিটে লুণ্ঠিত ২টি তিন চাকা বিশিষ্ট ব্যাটারি চালিত অটোরিকশা, যার মূল্য ২,২০,০০০ টাকা উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৯টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জের মৌচাক আমজাদ মার্কেট এলাকা থেকে ২নং আসামি মোঃ সবুজ (২৯) কে এবং সকাল ১০টা ৪৫ মিনিটে সোনারগাঁ থানার কাচঁপুর খালপাড় থেকে ৪নং আসামি হাবিবুর রহমান @ রনক @ রনি (২৬) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমানের দেওয়া তথ্য ও দেখানো মতে দুপুর ১টা ১৫ মিনিটে ডাকাতির কাজে ব্যবহৃত ৬ চাকা বিশিষ্ট পুরাতন পিকআপ গাড়ি, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১৩-৬১৫৮, মূল্য আনুমানিক ৯,০০,০০০ টাকা উদ্ধার করা হয়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।