মাদকবিরোধী অভিযানে অস্ত্র উঁচিয়ে ধরার ঘটনায় ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গ টেনে সাংবাদিকদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। তাঁর অভিযোগ, মাদকবিরোধী অভিযানের ইতিবাচক দিক তুলে না ধরে সংবাদমাধ্যমের একটি অংশ ইশরাকের অস্ত্র হাতে দৌড়ানোর ঘটনাটিকেই বেশি গুরুত্ব দিয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আব্বাসী বলেন, ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছিলেন, যা তাঁর মতে ইতিবাচক। তবে অভিযানের সময় পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতিকে তিনি ভুল বলে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, উদ্দেশ্য ভালো হলেও সেই পদ্ধতির দায় সরকার নিতে চায়নি।
সাংবাদিকদের সমালোচনা করতে গিয়ে আব্বাসী তাঁদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, মাদকবিরোধী অভিযানের লক্ষ্য ও ইতিবাচক দিক প্রচারের পরিবর্তে সংবাদমাধ্যমের একটি অংশ অস্ত্র হাতে ইশরাকের দৌড়ানোর বিষয়টিকে সামনে এনেছে। এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দেন এবং তাঁদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও দাবি করেন, বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থায়নে সাংবাদিকদের একটি অংশ কাজ করে এবং দেশের উন্নতি চায় না। তবে বক্তব্যে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপনের কথা উল্লেখ করা হয়নি।
আব্বাসীর মতে, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের পাশাপাশি সামাজিক উদ্যোগও জরুরি। সাংবাদিকেরা অভিযানের ইতিবাচক দিক তুলে ধরলে সরকার ভিন্ন সিদ্ধান্ত নিতে পারত বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের আরেক অংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গ তোলেন এই ইসলামী বক্তা। তিনি বলেন, অপরাধের বিচার হওয়া উচিত, খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে। তবে বিচারপ্রক্রিয়ায় নিরপরাধ আওয়ামী লীগ নেতা, কর্মী ও সমর্থকেরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও নজর রাখতে হবে।
আওয়ামী লীগের সমর্থক এখনো রয়েছেন উল্লেখ করে আব্বাসী বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, নিরপরাধ ব্যক্তিদের প্রতি সহনশীল হওয়া দেশের জন্য কল্যাণকর। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।