দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানকে রাজকীয় আয়োজনে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীরা। দীর্ঘ ২০ বছরের কর্মজীবন শেষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) অবসরজনিত বিদায়ের এই আবেগঘন আয়োজন পরিণত হয় ভালোবাসা আর স্মৃতিচারণের এক অনন্য মিলনমেলায়।
২০০৬ সালে বিদ্যালয়টিতে যোগদানের পর দীর্ঘ দুই দশক ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। অবসরের দিন সকালে বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন প্রিয় শিক্ষক। কিন্তু শিক্ষার্থীদের আয়োজন ছিল ভিন্ন। সাজানো ঘোড়ার গাড়ি নিয়ে তারা হাজির হয়েছিলেন তাঁর বাসায়। সেখান থেকে ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয়ে পৌঁছান প্রধান শিক্ষক ফজলুর রহমান।

বিদ্যালয়ে পৌঁছানোর পর ফুল, ক্রেস্ট, উপহার আর শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। প্রিয় শিক্ষকের বিদায়বেলায় শিক্ষার্থীদের চোখেও ছিল অশ্রু। মাইকে বিদায়ী বক্তব্য, স্মৃতিচারণ আর ভালোবাসার প্রকাশে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
একে একে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের কাছে এসে দোয়া নেন। বিগত দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগ ধরে রাখতে পারেননি। শুধু বর্তমান শিক্ষার্থীরাই নন, বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কেউ চাকরিতে, কেউ কলেজে অধ্যয়নরত—এমন অনেক প্রাক্তন শিক্ষার্থীও ছুটে আসেন তাঁদের প্রিয় শিক্ষককে বিদায় জানাতে।
কর্মঘণ্টা শেষে আবারও সাজানো ঘোড়ার গাড়িতে করে প্রিয় শিক্ষককে তাঁর বাসায় পৌঁছে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী ভালোবাসা ও সম্মাননা দিনাজপুরে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অবসরজনিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এস এম হাবিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ। এ ছাড়া সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাফীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষকতা ও শিক্ষার্থীদের কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে মেরিল-প্রথম আলো পুরস্কারে সারা দেশ থেকে ‘প্রিয় শিক্ষক’ হিসেবে প্রথম স্থান অর্জন করেন ফজলুর রহমান।
শিক্ষকতার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তাঁর উদ্যোগে একাধিক বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশংসা ও সম্মাননা পেয়েছেন তিনি।
এ ছাড়া বিদ্যালয়ের মেয়েদের নিয়ে একটি ফুটবল দল গড়ে তোলেন তিনি। তাঁর উদ্যোগে গড়ে ওঠা এই দল থেকে শতাধিক চ্যাম্পিয়ন ট্রফি অর্জিত হয়েছে এবং জাতীয় দলের খেলোয়াড়ও তৈরি হয়েছে।
শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্ন দেখা, সাহসী হওয়া ও নিজেদের যোগ্যতা বিকাশে উৎসাহিত করেছেন ফজলুর রহমান। কর্মজীবনের শেষ দিনে শিক্ষার্থীদের এমন ভালোবাসা আর রাজকীয় বিদায় তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।