শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরা সদর উপজেলায় ১ হাজার ৪৪৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালনে সদস্যদের করণীয় সম্পর্কে জানাতে ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় মাগুরা শহরের নোমানী ময়দানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এর আয়োজন করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকনউদ্দীন।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান, পিভিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু বকর।
এ সময় সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক (টিআই) আবু হুসাইন আহমেদ, প্রশিক্ষক মোছা. রোকেয়া খাতুন, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ভিডিপি দলনেতা-দলনেত্রী এবং আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান বলেন, দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নির্ধারিত শিফট অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। নিরাপত্তার দায়িত্ব পালনে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতা বজায় রাখার নির্দেশনা দেন তিনি।
তিনি আরও জানান, মাগুরা সদর উপজেলার ২৩৯টি পূজামণ্ডপে মোট ১ হাজার ৪৪৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন করে এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মণ্ডপে ছয়জন করে পুরুষ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন।
ব্রিফিংয়ে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বিত দায়িত্ব পালনের মাধ্যমে মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে।
পি/ এস