নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। মিছিল থেকে আইভীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এর আগে মঙ্গলবার রাতে আইভীর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম এবং আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার।
বুধবার দুপুরে আদালতপাড়ায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার অভিযোগ তুলে আইভীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপিপন্থী আইনজীবীরা।
মিছিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেন, আইভীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘আইভী যদি বারবার এভাবে নিষিদ্ধ সংগঠনকে সংগঠিত করার স্পর্ধা দেখান, তাহলে তার হোয়াইট হাউসের (আইভীর বাড়ি) একটি ইটও আমরা রাখব না।’
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, প্রত্যেকের আইনগত অধিকারের বিষয়টি বিবেচনায় নিয়ে আইভীর বিরুদ্ধে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এই ভদ্রতার সুযোগ নিয়ে নারায়ণগঞ্জে নিষিদ্ধ সংগঠনকে সংগঠিত করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে শাখাওয়াত হোসেন খান বলেন, আদালতপাড়ায় নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী কালের কণ্ঠকে জানান, ফতুল্লা থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ আদালতে সশরীরে হাজির হন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ওই মামলায় তিনি এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও তাঁর পুনর্জামিনের জন্য ওই দিন ধার্য ছিল।
শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় আইভীকে ঘিরে ছিলেন তাঁর নেতাকর্মী ও সমর্থকেরা। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও গাড়িতে ওঠার আগে তিনি বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা।’ এ সময় তাঁর সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে গাড়িতে উঠে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।
আইভীর এই স্লোগানকে কেন্দ্র করেই পরদিন আদালতপাড়ায় বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। ঘটনাটি ঘিরে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।