টঙ্গীর বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণা, ২০১৮ ও ২০২৪ সালের সহিংসতার নিরপেক্ষ তদন্ত এবং মসজিদে তাবলীগের ধর্মীয় কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ সাহেবের অনুসারী)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদ সাহেবের অনুসারী) মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।
একই সঙ্গে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে ধর্মীয় ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ’ নাম ব্যবহার করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেওয়া বক্তব্য অসত্য, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে সংগঠনটি। তাদের দাবি, ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা তাবলীগ জামাতের প্রতিনিধিত্ব করেন না। তাবলীগের ধর্মীয় কার্যক্রম ও অভ্যন্তরীণ বিষয় রাজনৈতিক প্রভাবমুক্ত রাখারও আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকেন্দ্রিক সহিংসতা এবং বিভিন্ন সময়ে সংঘটিত প্রাণহানির ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্য যাচাই করে রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে ইসমাইল মণ্ডল ও শামসুদ্দিন বেলাল এবং ২০২৪ সালের ১৮ ডিসেম্বর বেলাল হোসেন ও মিজানুর রহমান নিহত হওয়ার ঘটনা তদন্ত করতে হবে। এ ছাড়া ২০১৯ সালে কিশোরগঞ্জে আব্দুর রহিম রাজন এবং ২০২৩ সালে ঢাকার নিউমার্কেট এলাকার শামসুল হকের মৃত্যুর ঘটনাও যথাযথ তদন্তের দাবি রাখে বলে উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় ইজতেমা ময়দান খালি করার বিষয়ে লিখিত সিদ্ধান্ত হয়েছিল বলে সংগঠনটি দাবি করছে। ওই সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি ১৭ ডিসেম্বর রাতে ডা. আসগরের নামে প্রচারিত একটি কথিত অডিও রেকর্ডের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংগঠনটির ছয় দফা দাবির মধ্যে রয়েছে—টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাদের উদ্যোগে ইজতেমা আয়োজনের তারিখ দ্রুত ঘোষণা, ২০১৮ ও ২০২৪ সালের সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও বিচার, তাবলীগের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত ধর্মীয় ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ বন্ধ, ইজতেমা ময়দান ব্যবহারে সংশ্লিষ্ট পক্ষগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত, বিভিন্ন জেলা ও থানার মার্কাজ মসজিদ নিয়ে বিরোধ আইনানুগভাবে নিষ্পত্তি এবং মসজিদে তাবলীগের ধর্মীয় কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, দেশের বিভিন্ন স্থানে মসজিদে তাবলীগের নিয়মিত কার্যক্রম পরিচালনায় বাধা এবং মার্কাজ মসজিদ নিয়ে বিরোধ ধর্মীয় পরিবেশ ও সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর হতে পারে। ‘তৌহিদি জনতা’ বা অন্য কোনো পরিচয় ব্যবহার করে কেউ যেন মসজিদে তাবলীগের কার্যক্রমে বেআইনি বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংগঠনটি আশা প্রকাশ করে, সরকার সব পক্ষের ন্যায্য অধিকার নিশ্চিত করবে এবং তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।