ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ভুয়া কাবিননামার মাধ্যমে বিয়ের ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হলে বিষয়টি অস্বীকার করে প্রতিবাদ জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। দলটির দাবি, অভিযুক্ত আবদুস ছাত্তার জামায়াতের কোনো কর্মী বা সহযোগী সদস্য নন; তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়া উপজেলার ২ নম্বর পুটিজানা ইউনিয়নের পাটুলি গ্রামের বাসিন্দা আছিয়া বেগম (৪৫) দীর্ঘদিন ধরে স্বামীহারা অবস্থায় একা বসবাস করছেন। প্রায় চার বছর আগে তাঁর মেজো ছেলে আসাদুলের বিয়ের সময় প্রতিবেশী আব্দুল কুদ্দুসকে (৬২) উকিল শ্বশুর করা হয়। সেই সূত্রে আব্দুল কুদ্দুসের বাড়িতে তাঁর যাতায়াত শুরু হয়।
অভিযোগ রয়েছে, আব্দুল কুদ্দুস একাধিকবার স্থানীয় কসমেটিকস ব্যবসায়ী আবদুস ছাত্তারের মাধ্যমে আছিয়া বেগমকে বিয়ের প্রস্তাব পাঠান। তবে তিনি প্রতিবারই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
এরপর প্রায় দেড় মাস আগে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে আবদুস ছাত্তার আছিয়া বেগমের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি নেন বলে অভিযোগ উঠেছে। সরল বিশ্বাসে এসব কাগজপত্র দেওয়ার কিছুদিন পর একটি খাতায় তাঁর দুটি টিপসই নেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
ভুয়া কাবিননামা দেখিয়ে বিয়ের প্রচারের অভিযোগ
সম্প্রতি আছিয়া বেগম ও আব্দুল কুদ্দুসের নামে একটি এফিডেভিট ও কাবিননামা দেখিয়ে গ্রামে বিয়ের প্রচার চালানোর অভিযোগ উঠেছে আবদুস ছাত্তারের বিরুদ্ধে। পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাজী অফিসের সিলযুক্ত ওই কাবিননামায় দেনমোহর ২ লাখ ৫০ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা আদায়ের কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
তবে কাবিননামায় সাক্ষী হিসেবে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরাও এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর আছিয়া বেগম স্থানীয় মসজিদের ইমাম ও সভাপতির কাছে বিচার চান। গত সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় পাটুলি গ্রামে অনুষ্ঠিত এক সালিশে তিনি উপস্থিত লোকজনের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। সালিশে অভিযুক্ত আবদুস ছাত্তারকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির হননি। পরে পরবর্তী শুনানির জন্য বুধবার (৭ অক্টোবর) দিন ধার্য করা হয়।
### রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক, প্রতিবাদ জামায়াতের
ঘটনার পর অভিযুক্ত আবদুস ছাত্তারের রাজনৈতিক পরিচয় নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। অভিযোগ অনুযায়ী, তিনি নিজেকে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে পরিচয় দিতেন। তবে এ পরিচয় অস্বীকার করে প্রতিবাদ জানিয়েছে ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামী।
গতকাল প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম এ ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। প্রচারিত তথ্যে উল্লেখিত ব্যক্তি আবদুস ছাত্তার জামায়াতের কোনো কর্মী বা সহযোগী সদস্য নন, বরং তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।”
দলীয় সাংগঠনিক পরিভাষার প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, “জামায়াত কখনো ‘সাধারণ সম্পাদক’ পদবি ব্যবহার করে না, বরং ‘সেক্রেটারি’ পরিভাষা ব্যবহার করে থাকে। তিনি ওয়ার্ডের সেক্রেটারি তো দূরের কথা, দলের কোনো কর্মীই নন।”
ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় দলকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।
অভিযোগ অস্বীকার অভিযুক্তের, তদন্তের আশ্বাস পুলিশের
এদিকে, অভিযোগ অস্বীকার করে কসমেটিকস ব্যবসায়ী আবদুস ছাত্তার দাবি করেছেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তিনি আছিয়া বেগমের কোনো টিপসই নেননি। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে এ ঘটনায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।