রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে বাজারে সরবরাহ বাড়লেও স্বস্তি ফিরছে না ক্রেতাদের মধ্যে। অধিকাংশ সবজি এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। অন্যদিকে, মাছ ও মাংসের বাজারে বড় কোনো পরিবর্তন না থাকলেও ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিমের দাম।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, মুলা ৭০ টাকা এবং ফুলকপি প্রতি পিস ৭০ টাকায়। ঢ্যাঁড়স, করলা, বেগুন, বরবটি, পটল ও কাঁকরোলের মতো সবজির দাম কেজিপ্রতি ৭০ থেকে ১২০ টাকার মধ্যে। দেশি শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। তবে তুলনামূলক কম দামে অন্য শসা পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।
শীতের আগাম সবজি শিমের দাম এখনও বেশ চড়া। প্রতি কেজি শিম কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১৫০ টাকা। বিপরীতে প্রতি কেজি পেঁপে পাওয়া যাচ্ছে ৩০ টাকায়। কয়েক সপ্তাহ আগে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ২০০ টাকা পর্যন্ত উঠলেও সরবরাহ বাড়ায় বর্তমানে মানভেদে তা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়।
বাজারে টমেটোর দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৪০ টাকা। গোল বেগুন ১২০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি, ঝিঙে ও করলার দাম কেজিপ্রতি ৮০ টাকা। প্রতি পিস লাউয়ের দাম ৪০ থেকে ৬০ টাকা এবং কচুরমুখি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।
বাজারে সবজির দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। ক্রেতা আবু দাউদ বলেন, ‘বাজারে নতুন ফুলকপি কিনলাম। ১৪০ টাকা দিয়ে দুই পিস নিয়েছি। একটি লাউ ৫০ টাকা আর এক পোয়া কাঁচা মরিচ ৪০ টাকা দিয়ে কিনেছি।’
মুরগির দাম স্থিতিশীল, ডিমে স্বস্তি
মুরগির বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আর সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩১০ টাকা।
ব্রয়লার মুরগি বিক্রেতা মনির হোসেন বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ব্রয়লার মুরগির দাম ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে ওঠানামা করছে। এক সপ্তাহে ১০ টাকা কমলে পরের সপ্তাহে আবার ১০ টাকা বাড়ে। ফলে দাম ঘুরেফিরে ২০০ টাকার আশপাশেই থাকে। অন্যদিকে, সোনালি মুরগি কেজিপ্রতি ৩১০ থেকে ৩২০ টাকার মধ্যে বিক্রি হয়। শুক্রবার তিনি ৩১০ টাকা কেজি দরে বিক্রি করছেন।
এদিকে, ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। আগের তুলনায় প্রতি ডজন ডিমের দাম ১০ টাকা কমে এখন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। চারটি ডিম কিনতে খরচ হচ্ছে ৫০ টাকা।
ডিম বিক্রেতা মাসুম আল হাসান বলেন, বর্তমানে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৪০ টাকা দরে বিক্রি করছেন তারা।
গরুর মাংসের দামেও কোনো পরিবর্তন নেই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।
মাছের বাজারে দাম চড়া
মাছের বাজারে অধিকাংশ পদের দাম আগের মতোই রয়েছে। প্রতি কেজি রুই ও কাতলা বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকায়। পাঙাশের দাম ২২০ থেকে ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে।
এ ছাড়া মৃগেল মাছের দাম কেজিপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা। বড় আকারের রুই কিনতে খরচ হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা, আর মাঝারি আকারের রুই পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। প্রতি কেজি ট্যাংরা বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।
অন্যান্য মাছের মধ্যে পাবদা কেজিপ্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ২৬০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের কইয়ের দাম কেজিপ্রতি ৩০০ টাকা। শোল মাছ বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি।
শোল, রূপচাঁদা ও নদীর বেলে মাছ কিনতে ক্রেতাদের কেজিপ্রতি এক হাজার টাকারও বেশি ব্যয় করতে হচ্ছে। তবে মাছের আকার, জীবিত না মৃত এবং বাজারভেদে দামে পার্থক্য রয়েছে। এসব কারণে প্রতি কেজি মাছের দামে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত ব্যবধান দেখা যেতে পারে।
ব্যবসায়ীরা জানান, মাছের দাম অনেকটাই সরবরাহের ওপর নির্ভরশীল। সাধারণ দিনের তুলনায় শুক্রবার মাছের চাহিদা বাড়ায় দামও কিছুটা বেশি থাকে। বর্তমানে ২০০ টাকার নিচে মাছ পাওয়া কঠিন হয়ে পড়েছে। আগে পাঙাশের সরবরাহ কম থাকলেও এখন সরবরাহ বাড়ার পরও এর দাম কেজিপ্রতি ২০০ টাকার ওপরে রয়েছে।
সব মিলিয়ে, বাজারে শীতকালীন সবজির আগমন শুরু হলেও দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মাছ-মাংসের দামেও বড় কোনো স্বস্তি নেই। এর মধ্যে ডিমের দাম কমায় সীমিত পরিসরে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।
এস/এস