অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে মোহাম্মদপুরে সড়ক অবরোধ
তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধের হুঁশিয়ারির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকেরা। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন চালকেরা। তাদের অভিযোগ, সড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি বিভিন্ন অজুহাতে গাড়ি আটক করে ডাম্পিং করা হচ্ছে। পরে গাড়ি ফেরত পেতেও ভোগান্তির শিকার হতে হচ্ছে।
অবরোধে অংশ নেওয়া এক অটোরিকশাচালক বলেন, সড়কে গাড়ি চালাতে না দেওয়া এবং আটক করা গাড়ি ফেরত পেতে হয়রানির শিকার হওয়াই তাদের আন্দোলনের মূল কারণ। ইউটার্ন নেওয়ার সময়ও গাড়ি আটক করা হচ্ছে। পরে গাড়ি নিতে গেলে আজ নয়, কাল দেওয়া হবে বলে বারবার ঘোরানো হচ্ছে।
তিনি আরও বলেন, কয়েকজন চালক গাড়ি ছাড়ানোর স্লিপ হাতে নিয়ে ঘুরছেন। নির্ধারিত দিনে গাড়ি ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এ ঘটনার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট কাগজপত্র তাদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
চালক বলেন, উপার্জন বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন তারা। স্ত্রী, সন্তান ও মা-বাবার ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়েছে। অনেকেই ঋণ করে অটোরিকশা কিনেছেন। কিন্তু গাড়ি আটকে থাকায় আয় বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ করাও অসম্ভব হয়ে পড়ছে।
অন্য এক অটোরিকশাচালক বলেন, তাদের সব সড়কে চলাচলের দাবি নেই। বরং যেসব সড়কে অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে, সেসব সড়কে নির্বিঘ্নে গাড়ি চালানোর সুযোগ চান তারা।
তিনি অভিযোগ করেন, মিরপুর রোডে অটোরিকশা চলাচলের অনুমতি না থাকায় তারা সেখানে যান না। কিন্তু বর্তমানে ধানমন্ডি সড়কেও চলাচলে বাধা দেওয়া হচ্ছে। ওই সড়কে গেলেই গাড়ি আটক করে ডাম্পিং করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
চালকদের ভাষ্য, নির্ধারিত সড়কে চলাচলের সুযোগ নিশ্চিত করা এবং আটক করা গাড়ি ফেরত পেতে হয়রানি বন্ধ করাই তাদের প্রধান দাবি। জীবিকার স্বার্থে এ সমস্যার দ্রুত সমাধান চান তারা।