মৌলবাদের বিস্তার মোকাবিলায় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সক্রিয় ও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, সংস্কৃতির ঐতিহ্য ও স্বকীয়তা ফিরিয়ে এনে সাংস্কৃতিক অঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাজবাড়ী অ্যাকাডেমি আয়োজিত ১০ম বাংলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবের আওতায় আনার নানা চেষ্টা হয়েছে। এর ফলে সংস্কৃতির নিজস্বতা ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠন করা প্রয়োজন।
তিনি বলেন, চারপাশে মৌলবাদের বিস্তার মোকাবিলায় সংস্কৃতিকে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। সংস্কৃতি বলতে শুধু গান-বাজনাকে বোঝায় না; মানুষের জীবনযাপন, আচার-আচরণ, রীতিনীতি ও সামাজিক ঐতিহ্যও এর গুরুত্বপূর্ণ অংশ। তাই সংস্কৃতির সব শাখাকে সক্রিয় করার উদ্যোগ নিতে হবে।
রাজবাড়ীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার আহ্বান
রাজবাড়ীর সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা তুলে ধরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জেলায় সংস্কৃতিচর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। দীর্ঘ প্রায় ২০ বছর পর আবার নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। গ্রামবাংলার ঘুড়ি ওড়ানো, ঘোড়দৌড়, লাঠিখেলা ও পিঠা উৎসবের মতো আয়োজনগুলো একসময় মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। অথচ যাত্রাপালা ও গীতের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন ক্রমেই হারিয়ে যাচ্ছে। এসব ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
রাজবাড়ীর সংগীতাঙ্গনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এ ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। অনেকেই ভালো কাজ করছেন, তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়ে আরও ভালো অবস্থানে পৌঁছে দিতে হবে। জেলার গুণী নৃত্যশিল্পীসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিভা রাজবাড়ীর মূল্যবান সম্পদ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠন করে আরও প্রাণবন্ত করে তুলতে হবে।
সংস্কৃতির স্বকীয়তা রক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি আমাদের ঐতিহ্য ও শিল্পের পরিচায়ক। এর নিজস্ব বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য ফিরিয়ে আনা জরুরি। এ লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলা ভাষাকে সহজ ও যুগোপযোগী করার উদ্যোগ
বাংলা ভাষার আধুনিকায়ন প্রসঙ্গে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলা ভাষাকে আরও সহজ ও সময়োপযোগী করার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা রয়েছে। এ বিষয়ে ভাষাবিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। ভাষার শ্রুতিমাধুর্য ও শব্দের অভিধানগত অর্থ অক্ষুণ্ন রেখে কীভাবে বাংলা ভাষাকে আরও সহজ, বোধগম্য ও বাস্তবসম্মত করা যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করে তোলার পাশাপাশি ভাষার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে রাজবাড়ী অ্যাকাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিমন্ত্রী জানান, দেশের সংস্কৃতির নিজস্বতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে এর ঐতিহ্য ও স্বকীয়তা পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
১০ম বাংলা উৎসবের উদ্বোধন
রাজবাড়ী অ্যাকাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনাইটেড হসপিটালের কার্ডিওলজি বিভাগের প্রধান পরামর্শক দেশের প্রখ্যাত চিকিৎসক ডা. এন এ এম মোমিনুজ্জামান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম শফি এবং বিশিষ্ট ক্রীড়াবিদ ও ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী অ্যাকাডেমির সাধারণ সম্পাদক ও ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. ইকবাল হোসেন।
এর আগে ১০ম বাংলা উৎসব উপলক্ষে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বর্ণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ১০ম বাংলা উৎসব উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘বর্ণমালা’র মোড়ক উন্মোচন করা হয়।