কুমিল্লার লালমাই উপজেলায় একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জগতপুর গ্রামের নির্জন সড়কের পাশের একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
ঘটনাস্থল ও আশপাশের কয়েকটি ধানক্ষেতে ধস্তাধস্তি এবং ছোটাছুটির চিহ্ন পাওয়া গেছে। এতে মৃত্যুর আগে কিশোরীকে ঘিরে কোনো ধরনের সংঘর্ষ বা প্রাণে বাঁচার চেষ্টার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব আলামতের প্রকৃত তাৎপর্য তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
নিহত জান্নাতুল তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আব্দুল আলিম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনেটার কুমিল্লা অঞ্চলে কর্মরত। তাদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে। তবে পরিবারের সঙ্গে তাজমিন কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকত।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জগতপুর এলাকার একটি নির্জন পাকা সড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এর কিছু দূরে একটি ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তারা। আশপাশের চার থেকে পাঁচটি ধানক্ষেতের ফসলও দুমড়েমুচড়ে ছিল।
পরে সেসব আলামত অনুসরণ করে সামনে এগিয়ে গেলে কাদার মধ্যে মুখ নিচের দিকে থাকা অবস্থায় কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার গলায় গামছা প্যাঁচানো ছিল। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করা হয়।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে কিশোরীকে হত্যা করা হয়েছে। তার শরীরে বড় ধরনের দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং অন্য কোনো নির্যাতনের ঘটনা ঘটেছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা নিবন্ধিত অটোরিকশাটির সূত্র ধরে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে তাজমিনের মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এস/এস