নওগাঁর বদলগাছীতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ, চুলের স্বাভাবিক আকৃতি নষ্ট করে দেওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে শিশুরা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম শহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে অসমভাবে কেটে দেন প্রধান শিক্ষক। এতে শিশুদের চুলের স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা।
অভিভাবকদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষক শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করেছেন। এমনকি এক শিক্ষার্থীর ভ্রুর চুলও কেটে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন অভিভাবকেরা।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবককে চুল কেটে দেওয়ার বিষয়ে অভিযোগ করতে দেখা যায়। তাদের দাবি, প্রধান শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন।
মিলন নামের এক অভিভাবক বলেন, তিনি বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে ফিরে ছেলের মাথার চুল খোপ খোপ করে কাটা দেখতে পান। তার ছেলে ফাহামুদ হোসাইনের মাথার চুল আগে স্বাভাবিক ছিল। বিষয়টি নিয়ে বিদ্যালয়ে উত্তেজনাও তৈরি হয়েছে।
রকেট হোসেন নামের আরেক অভিভাবক বলেন, প্রায় ১৫ জন শিক্ষার্থীর চুল এভাবে কেটে দেওয়া হয়েছে। শীতের মধ্যে এমন ঘটনায় শিশুরা বিব্রতকর অবস্থায় পড়েছে। এর আগেও এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মিতু বানু নামের এক অভিভাবক অভিযোগ করেন, কয়েক দিন আগে তার ছেলেকে মারধর করায় দুই পা রক্তাক্ত হয়ে যায়। ঘটনার পর থেকে ভয়ে তার ছেলে বিদ্যালয়ে যেতে চাইছে না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঠিক বিচার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। মুঠোফোনে তিনি বলেন, শিক্ষার্থীদের চুল অনেক বড় হয়ে চোখের ওপর চলে আসছিল। এ কারণে কয়েকজনের চুল কেটে দিয়েছেন।
তবে নাপিত ডেকে বা অভিভাবকদের সঙ্গে আলোচনা না করে কেন এভাবে চুল কেটে দেওয়া হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের দেখতে খারাপ লাগছিল। তাই কপালের ওপরের চুল কেটে দিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। বর্তমানে প্রশিক্ষণে থাকায় সহকারী শিক্ষা কর্মকর্তা রহুল আমিনকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, ঘটনাটি তার নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।