মেট্রোরেলের ভেতরে ‘আমরা করব জয়’ গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুই শিশুর বাবার পরিচয় পাওয়া গেছে। তার নাম ফিরোজ খান রনি। তবে এই পরিবারকে ঘিরে উঠে এসেছে নানা অভিযোগ। একাধিক ব্যক্তির দাবি, একসময় আর্থিক সংকটে থাকা ফিরোজ খানকে সহায়তা হিসেবে দেওয়া দুটি ব্যাটারিচালিত রিকশা বিক্রি করে সন্তানদের নিয়ে এখন ঢাকায় ভিক্ষা করছেন তিনি।
ফিরোজ খানের আদি বাড়ি ঝালকাঠিতে। ঢাকায় আসার আগে তিনি বরিশাল নগরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মেট্রোরেলে গান গাওয়া শিশুর নাম মরিয়ম আক্তার এবং তার ভাইয়ের নাম নূর। দুজনের বয়স আনুমানিক পাঁচ বছর।
২০২৩ সালে বরিশালের স্থানীয় সাংবাদিক সাব্বির খানের মাধ্যমে প্রথম আলোচনায় আসেন ফিরোজ খান। সে সময় তার স্ত্রী মারা যাওয়ার পর দুই শিশুকে বাসায় রেখে জীবিকার তাগিদে ভিক্ষা করতে যাওয়ার বিষয়টি সামনে আসে। সাংবাদিক সাব্বিরের মাধ্যমে তার অসহায়ত্বের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তৎকালীন একজন মন্ত্রী এবং ফরিদপুরের এক ব্যবসায়ীর নজরে আসে। পরে তারা ফিরোজ খানকে দুটি ব্যাটারিচালিত রিকশা কিনে দেন।
সাংবাদিক সাব্বির খান বুধবার দুপুরে কালবেলাকে জানান, সহায়তা হিসেবে পাওয়া দুটি রিকশার একটি ফিরোজ নিজে চালাতেন এবং অন্যটি ভাড়ায় দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে কারাভোগের বিষয়টি জানতে পারেন তারা। যদিও পরে জামিনে মুক্তি পান ফিরোজ। সে সময় তিনি দাবি করেছিলেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।
সাব্বির খানের ভাষ্য অনুযায়ী, কিছুদিন পর বরিশালের লঞ্চঘাট এলাকায় ফিরোজ খানের দ্বিতীয় বিয়ের খবর পাওয়া যায়। তবে সেই সংসারও বেশিদিন টেকেনি। দ্বিতীয় স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠার পর সন্তানদের নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। ঢাকায় আসার আগে সহায়তা হিসেবে পাওয়া রিকশা দুটি বিক্রি করে দেন বলেও অভিযোগ রয়েছে।
সাব্বিরের অভিযোগ, সন্তানদের সামনে রেখে মানুষের কাছে সাহায্য চাওয়ার বিষয়টি ফিরোজ খানের পুরোনো অভ্যাস। তিনি আরও জানান, ২০২৩ সালে শিশু দুটিকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে একটি ডে-কেয়ার সেন্টারে রাখার উদ্যোগ নেওয়া হয়েছিল। দুই শিশুরই গানের কণ্ঠ ভালো। তাদের বাবা ফিরোজ খানও গান গাইতে পারেন। এমনকি একবার রিকশাচালকদের নিয়ে আয়োজিত একটি গানের রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন তিনি।
বরিশালের বটতলা এলাকার আরেক বাসিন্দার দাবি, ২০২৩ সালে শিশু দুটির অসহায়ত্বের গল্প প্রথমবার ছড়িয়ে পড়ার পর চিত্রনায়িকা পরীমনি তাদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে সে সময় স্থানীয়দের একাংশ তার এই প্রস্তাব নিয়ে আস্থা রাখতে না পারায় ফিরোজ খানকে সন্তানদের নিয়ে সেখানে যেতে নিরুৎসাহিত করেন।
সম্প্রতি মেট্রোরেলের ভেতরে দুই শিশুর ‘আমরা করব জয়’ গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসে পরিবারটি। সেই সূত্র ধরেই সামনে এসেছে তাদের অতীত এবং ফিরোজ খানকে ঘিরে থাকা নানা অভিযোগ।