দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি। জাতীয় দলের জার্সিতে যার অসাধারণ পথচলা বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে, সেই অধ্যায়ের শেষটাও হলো আবেগ আর ভালোবাসায় ভরা। সতীর্থ, কোচ এবং মেসির দীর্ঘদিনের সঙ্গীরা যেমন আবেগাপ্লুত হয়েছেন, তেমনি বিদায়ী বক্তব্য দিতে গিয়ে নিজেও ধরে রাখতে পারেননি চোখের পানি।
এস্তাদিও মনুমেন্তালে মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে সাজানো হয়েছিল বিশেষ আয়োজন। মাঠের সেই উৎসব আরও বড় হয়ে ওঠে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে। প্রথমার্ধে কোনো গোল না হলেও বিরতির পর তিনবার জালের দেখা পায় আর্জেন্টিনা। তিন গোলেই কোনো না কোনোভাবে জড়িয়ে ছিলেন মেসি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের গোলের আগে সহায়তা করেন তিনি। পরে পেনাল্টি থেকে নিজেই করেন দলের তৃতীয় গোল।
বিদায়ী মঞ্চে মাইক হাতে শুরুতে হাসিমুখেই ছিলেন মেসি। তবে কথা বলতে বলতে আবেগে ভারী হয়ে আসে কণ্ঠ, চোখের কোণও ভিজে ওঠে। বক্তব্যের শুরুতেই তিনি স্মরণ করেন প্রয়াত বাবা হোর্হে মেসিকে।
মেসি বলেন, তিনি কীভাবে বক্তব্য শুরু করবেন তা বুঝে উঠতে পারছেন না। এই বিশেষ রাতে সবার আগে তার বাবার কথাই মনে পড়ছে। একই সঙ্গে দুই দশকেরও বেশি সময় আর্জেন্টিনার জার্সি পরতে পারাকে নিজের জীবনের অন্যতম বড় গর্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলার কথা বলতে গিয়ে মেসি জানান, কখনোই তারা লড়াই থেকে সরে যাননি। প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। আর্জেন্টিনার হয়ে খেলার অনুভূতিকে তিনি জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি হিসেবে বর্ণনা করেন।

২০২৬ বিশ্বকাপের প্রসঙ্গও উঠে আসে তার বক্তব্যে। মেসির মতে, বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তারা নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকেও তিনি বিশেষভাবে উল্লেখ করেন। তার বক্তব্যে স্পষ্ট ছিল, জাতীয় দলের জার্সির প্রতি তাদের দায়বদ্ধতায় কখনো ঘাটতি ছিল না।
জাতীয় দলের হয়ে আর মাঠে ফিরতে না পারার বিষয়টি মেনে নেওয়া তার জন্য কঠিন বলেও জানান মেসি। আর্জেন্টিনার হয়ে খেলার চেয়ে একজন ফুটবলারের জীবনে সুন্দর আর কিছু হতে পারে না—এমন অনুভূতিও প্রকাশ করেন তিনি। তবে একই সঙ্গে তিনি মনে করেন, বিদায় জানানোর জন্য এটাই হয়তো উপযুক্ত সময়।
সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো শিরোপা জয়ে সতীর্থদের অবদান স্মরণ করে তাদের ‘বীর যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন তিনি। সতীর্থদের সঙ্গে তৈরি হওয়া সেই পরিবেশ এবং জাতীয় দলের হয়ে খেলার সময় পাওয়া ভালোবাসা ভবিষ্যতে তিনি খুব মিস করবেন বলেও জানান।
দেশের বিভিন্ন প্রান্তে সমর্থকদের ভালোবাসার কথাও স্মরণ করেন মেসি। তার ভাষায়, যেখানেই আর্জেন্টিনা খেলতে গেছে, স্টেডিয়াম দর্শকে পূর্ণ হয়েছে। অনেক সময় মনে হয়েছে, দেশের বাইরে খেললেও সেটি যেন আর্জেন্টিনারই ঘরের মাঠ।

বিদায়ের পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও সতর্কবার্তা দিয়েছেন মেসি। জাতীয় দলের হয়ে খেলা মিস করবেন জানিয়ে তিনি বলেন, এখন থেকে মাঠের বাইরে থেকে বর্তমান ও ভবিষ্যৎ খেলোয়াড়দের সমর্থন করবেন। সামনে কঠিন সময় আসতে পারে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মেসির মতে, জাতীয় দলের ব্যর্থতা দেখতে চায় এমন মানুষও রয়েছে। তাই বড় কোনো সাফল্য অর্জন করতে হলে দল হিসেবে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।
শেষদিকে আবেগ আর ধরে রাখতে পারেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মাঠ ও আর্জেন্টিনার সমর্থকদের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে মেসি বলেন, তিনি এই জায়গা কিংবা এই মাঠ ছেড়ে যেতে চান না। তবে বাস্তবতাকে মেনে নিয়েই বিদায় নিতে হচ্ছে তাকে।
নিজেকে একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত উল্লেখ করে মেসি জানান, জীবনের স্বপ্ন পূরণ করতে পেরেছেন তিনি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা জয়ের পর এবার তার আন্তর্জাতিক ক্যারিয়ারে পড়ল শেষ পর্দা।
এস/আর