উয়েফা নেশন্স লিগের চতুর্থ রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ফ্রান্স। ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা ফরাসিরা শেষ ১৪ মিনিটে চারবার জালের দেখা পেয়ে ৪-১ গোলের জয় তুলে নেয়। জিনেদিন জিদানের দলের এই জয় শুধু কামব্যাকের জন্যই নয়, বেশ কয়েকটি ব্যক্তিগত ও দলীয় রেকর্ডের কারণেও আলোচনায় এসেছে।
ম্যাচটিতে উসমান দেম্বেলের গোলখরা যেমন দীর্ঘ হয়েছে, তেমনি জাতীয় দলের হয়ে অনন্য এক কীর্তি গড়েছেন মাইকেল ওলিসে। ফরাসি সংবাদমাধ্যম ‘স্ট্যাটস ফুট’-এর তথ্য অনুযায়ী, ফ্রান্সের হয়ে টানা চার ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করতে ব্যর্থ হয়েছেন দেম্বেলে। এর আগে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা নয় ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পাওয়ার পর এবার তার ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে আবারও এমন একটি খারাপ সময় এসেছে।
অন্যদিকে ফ্রান্সের জার্সিতে ধারাবাহিকভাবে উজ্জ্বল পারফরম্যান্স করে চলেছেন ওলিসে। ‘স্ট্যাটস ফুট’-এর হিসাবে, জাতীয় দলের নতুন কোনো কোচের অধীনে নিজের প্রথম চার ম্যাচেই গোল বা অ্যাসিস্টে অবদান রাখা ফ্রান্সের ইতিহাসে প্রথম খেলোয়াড় হয়েছেন তিনি।
জিদানের অধীনে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন ওলিসে। এই চার ম্যাচে তার গোল ৪টি এবং অ্যাসিস্ট ২টি। বেলজিয়ামের বিপক্ষে সর্বশেষ ম্যাচেই জোড়া গোল করেছেন বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার। এর আগের তিন ম্যাচেও গোল কিংবা অ্যাসিস্ট করে দলের আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
জাতীয় দলের হয়ে নিজের প্রথম ২৯ ম্যাচেই ওলিসে ১১ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ মোট ২২টি গোলে সরাসরি অবদান রয়েছে তার। ১৯৯৭ সালে ইউরি জোরকায়েফের পর ফ্রান্সের হয়ে প্রথম ২৯ ম্যাচে এত বেশি গোলে অবদান রাখা আর কোনো খেলোয়াড় ছিলেন না। জোরকায়েফের ওই সময়ের অবদান ছিল ২৩ গোলে—১৫টি গোল ও ৮টি অ্যাসিস্ট।
শীর্ষ দশে থাকা দলগুলোর বিপক্ষেও ওলিসের পারফরম্যান্স উল্লেখযোগ্য। ফিফা র্যাঙ্কিংয়ের সেরা দশ দলের বিপক্ষে এখন পর্যন্ত ৪ গোল করেছেন তিনি। এই সংখ্যায় তিনি ডেভিড ত্রেজেগের সমান। একই ধরনের প্রতিপক্ষের বিপক্ষে দেম্বেলের গোল রয়েছে ৩টি।
বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের চার গোলের মধ্যে একটি করেছেন দেজিরে দুয়ে। এর মধ্য দিয়ে নিজের একটি বিশেষ রেকর্ডও ধরে রেখেছেন তিনি। পিএসজিতে যোগ দেওয়ার পর ক্লাব ও জাতীয় দলের হয়ে যেসব ম্যাচে গোল করেছেন, সেসব ম্যাচে তার দলের ফলাফল দাঁড়িয়েছে ২৯ জয়, ১ ড্র ও ১ হার।
এদিকে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে ২০২১ সালের ৭ অক্টোবরের পর থেকে প্রথমার্ধে পিছিয়ে পড়ে কোনো ম্যাচে জয় পায়নি ফ্রান্স। দীর্ঘ সময় পর এবার সেই পরিস্থিতি বদলে দিয়েছে জিদানের দল।
চার গোলের এই জয় ফ্রান্সের জন্য আরও একটি দিক থেকে বিশেষ। ১৯৮৬ সালের ২৮ জুনের পর এই প্রথম বেলজিয়ামের বিপক্ষে এক ম্যাচে চার গোল করল ফরাসিরা।
বেলজিয়ামের বিপক্ষে সর্বশেষ আটটি প্রতিযোগিতামূলক ম্যাচেও জয় পেয়েছে ফ্রান্স। দুই দলের মুখোমুখি লড়াইয়ের সামগ্রিক পরিসংখ্যানেও এবার নতুন পরিবর্তন এসেছে। ইতিহাসে প্রথমবারের মতো মোট জয়ের সংখ্যায় বেলজিয়ামকে ছাড়িয়ে গেছে ফ্রান্স। দুই দলের মুখোমুখি ম্যাচে ফ্রান্সের জয় এখন ৩১টি, আর বেলজিয়ামের জয় ৩০টি।